কলকাতা: জীবনের লড়াই কখনও কখনও এমন জায়গায় নিয়ে দাঁড় করায়, যেখানে স্বপ্ন দেখাটাও কঠিন হয়ে যায়। চারপাশে অনিশ্চয়তা, মাথার উপর আইনি মামলার বোঝা, পরিবারের উপর বিপর্যয়, এমনকী নিজের বাড়িটুকুও হারানোর যন্ত্রণা। তবু কিছু মানুষ সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ান। তাঁদের গল্প শুধু সাফল্যের নয়, অদম্য জেদ আর মানসিক শক্তিরও। তেমনই এক লড়াইয়ের নাম জৈনেন্দ্র কুমার নিগম। একসময় যাঁকে পুলিশ হাতকড়া পরিয়ে পরীক্ষাকেন্দ্রে নিয়ে গিয়েছিল, সেই জৈনেন্দ্রই আজ মধ্যপ্রদেশে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP)। MPPSC পরীক্ষায় ১২তম স্থান অধিকার করে পূরণ করেছেন নিজের স্বপ্ন, পাশাপাশি এগিয়ে নিয়ে গিয়েছেন বাবার অপূর্ণ ইচ্ছেকেও।

Continues below advertisement

বাবার অপূর্ণ স্বপ্নই হয়ে উঠেছিল নিজের লক্ষ্য

মধ্যপ্রদেশের ভিন্ড জেলার ডোঙ্গরপুরা গ্রামের এক কৃষক পরিবারে বেড়ে ওঠা জৈনেন্দ্রর ছোটবেলা থেকেই সরকারি চাকরি করার ইচ্ছা ছিল। তাঁর বাবা কেশব কুমার নিগমও একসময় রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্বপ্ন দেখেছিলেন। ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে একাধিকবার MPPSC মেইনস পরীক্ষায় বসেও সেই স্বপ্ন পূরণ হয়নি। সংসারের দায়িত্ব এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে বাবার সেই ইচ্ছা অপূর্ণ থেকে যায়। বাবার স্বপ্নকেই নিজের জীবনের লক্ষ্য করে নেন জৈনেন্দ্র।

Continues below advertisement

কিন্তু তাঁর পথ মোটেও মসৃণ ছিল না। পরিবারের সঙ্গে জড়িয়ে পড়ে একাধিক আইনি বিবাদ। জৈনেন্দ্রর দাবি, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছিল। পরিবারের জমি দখলের চেষ্টা ঘিরে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, দু’বার জেলেও যেতে হয় তাঁকে।

হাতে হাতকড়া, অন্য হাতে কলম! জেল থেকেই পরীক্ষাকেন্দ্রে

যে বয়সে অন্য পরীক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনা, মক টেস্ট আর রিভিশনে ব্যস্ত, সেই সময় জৈনেন্দ্রকে লড়তে হচ্ছিল সম্পূর্ণ অন্য এক বাস্তবতার সঙ্গে। MPPSC-র প্রিলিমিনারি পরীক্ষার সময় তিনি ছিলেন জেলবন্দি। কিন্তু জেল তাঁর স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পরীক্ষার দিন পুলিশকর্মীরা তাঁকে হাতকড়া পরিয়ে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান। এক হাতে হাতকড়া, অন্য হাতে কলম—এই অবস্থাতেই পরীক্ষায় বসেছিলেন তিনি। জীবনের এমন এক অধ্যায়, যা হয়তো কোনওদিন ভুলতে পারবেন না জৈনেন্দ্র।

এর মধ্যেই পরিবারের উপর নেমে আসে আরও বড় বিপর্যয়। আগুনে পুড়ে যায় তাঁদের বাড়ি। আইনি লড়াই, আর্থিক অনিশ্চয়তা এবং পরিবারের মাথার উপর ছাদ হারানোর যন্ত্রণা—সব মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে অত্যন্ত কঠিন। কিন্তু কোনওভাবেই নিজের লক্ষ্য থেকে সরে আসেননি তিনি।

৬০০-৭০০টি মক টেস্ট, একের পর এক পরীক্ষায় সাফল্য

২০২১ সালে জামিনে মুক্তি পাওয়ার পর ইন্দোরে গিয়ে নতুন করে প্রস্তুতি শুরু করেন জৈনেন্দ্র। আর্থিক সমস্যাও ছিল। তবু নিজের পড়াশোনা চালিয়ে যান। নিজেই নোট তৈরি করতেন, নিয়মিত লিখে অনুশীলন করতেন। জানা গিয়েছে, প্রস্তুতির সময় প্রায় ৬০০ থেকে ৭০০টি টেস্ট সিরিজের পরীক্ষা লিখেছিলেন তিনি। শুধু পড়াশোনা নয়, পরীক্ষায় উত্তর লেখার দক্ষতা বাড়াতেও বিশেষ গুরুত্ব দিয়েছিলেন।

এই পরিশ্রমের ফলও মিলতে শুরু করে। কনস্টেবল, সাব-ইনস্পেক্টর-সহ একাধিক সরকারি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে নায়েব তহসিলদার পদেও যোগ দেন। কিন্তু তাঁর লক্ষ্য তখনও অধরা—DSP হওয়া। কোনও একটি চাকরিতে থেমে না থেকে নিজের মূল স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকেন জৈনেন্দ্র।

শেষ পর্যন্ত এল স্বপ্নপূরণের দিন

২০২৪ সালে তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলি থেকে অব্যাহতি পান জৈনেন্দ্র। এরপর MPPSC-র প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউয়ের পর প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ১২তম স্থান অর্জন করেন তিনি। পূরণ হয় দীর্ঘদিনের স্বপ্ন। বাবার অপূর্ণ ইচ্ছেকে বাস্তবে রূপ দিয়ে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হিসেবে নির্বাচিত হন জৈনেন্দ্র কুমার নিগম।

একসময় যাঁকে হাতকড়া পরিয়ে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হয়েছিল, আজ তাঁর পরিচয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে। এই যাত্রাপথে রয়েছে অপমান, অনিশ্চয়তা, আর্থিক সংকট, পারিবারিক বিপর্যয় এবং দীর্ঘ প্রস্তুতির ইতিহাস। কিন্তু সবচেয়ে বড় কথা, রয়েছে হার না মানার মানসিকতা।

জৈনেন্দ্রর গল্প মনে করিয়ে দেয়, জীবনের প্রতিকূলতা হয়তো পথ কঠিন করে দিতে পারে, কিন্তু লক্ষ্য স্থির থাকলে ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজে পাওয়া সম্ভব। সাফল্য সবসময় সহজ পরিস্থিতিতে আসে না। কখনও কখনও সবচেয়ে অন্ধকার সময় পেরিয়েই পৌঁছনো যায় স্বপ্নের আলোয়।

 


Education Loan Information:

Calculate Education Loan EMI