পটনা: পরিবারের ইচ্ছা ছিল মেয়ে চিকিৎসক হবেন। কিন্তু নিজের স্বপ্নকে গুরুত্ব দিয়ে বেছে নিয়েছিলেন সিভিল সার্ভিসের পথ। UPSC পরীক্ষায় ব্যর্থ হলেও হাল ছাড়েননি বিহারের সিওয়ানের মেয়ে আস্থা সিং। শেষ পর্যন্ত কোনও কোচিং ছাড়াই BPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হয়েছেন RDO (রুরাল ডেভেলপমেন্ট অফিসার)।

Continues below advertisement

আরও পড়ুন: ট্রাম্পের চাপ বাড়তেই চড়চড়িয়ে বাড়ল ভারতের বাজার, ধস আমেরিকায়, মুহূর্তে উড়ে গেল ২.৫ ট্রিলিয়ন ডলার, পতন AI সংস্থাগুলোর শেয়ারে

আস্থার জন্ম বিহারের সিওয়ান জেলার রঘুনাথপুরে। প্রাথমিক পড়াশোনা সেখানেই। সপ্তম শ্রেণিতে পড়ার সময় চলে যান দিল্লি-NCR এলাকায়। পড়াশোনায় বরাবরই মেধাবী আস্থা দশম শ্রেণিতে ৯৮ শতাংশ এবং দ্বাদশ শ্রেণিতে ৯৩ শতাংশ নম্বর পেয়েছিলেন। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের গার্গী কলেজ থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন।                     

Continues below advertisement

এরপর জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে স্নাতকোত্তর পড়ার সময় সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করেন। ২০২২ সালে কোনও কোচিং ছাড়াই UPSC এবং BPSC পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। প্রায় ২ বছর ধরে UPSC-র সম্পূর্ণ সিলেবাস শেষ করলেও ২০২৩ সালে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।                     

তবে এই ব্যর্থতা কিন্তু তাঁকে থামাতে পারেনি। বরং নতুন পরিকল্পনা নিয়ে BPSC-র প্রস্তুতিতে মন দেন আস্থা। মাত্র চার থেকে পাঁচ মাস ধরে BPSC-র সিলেবাস অনুযায়ী পড়াশোনা করেন। প্রস্তুতির অংশ হিসেবে একটি টেস্ট সিরিজেও যোগ দিয়েছিলেন। শেষ পর্যন্ত প্রথম প্রচেষ্টাতেই BPSC পরীক্ষার তিনটি ধাপ—প্রিলিমিনারি, মেনস এবং ইন্টারভিউ উত্তীর্ণ হন।

গ্রামীণ উন্নয়ন বিভাগে তাঁর র‍্যাঙ্ক ২৫৯। বিহার গ্রামীণ উন্নয়ন পরিষেবায় (BRDS) নির্বাচিত হয়ে RDO হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন তিনি। প্রশিক্ষণ শেষে ভবিষ্যতে BDO বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার হওয়ারও সুযোগ রয়েছে তাঁর।

আরও পড়ুন: পেট্রোল খাওয়ানোর চেষ্টা, তারপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করা হল ভিডিও, শহর কলকাতায় নির্মম ঘটনা, গ্রেফতার ৪

আস্থার পরামর্শ, প্রতিদিন ৮-৯ ঘণ্টা নিয়মিত পড়াশোনা, সংবাদপত্র পাঠ এবং মক টেস্টের অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর এই যাত্রা বুঝিয়ে দেয়, ব্যর্থতা মানেই শেষ নয়। সঠিক পরিকল্পনা ও অধ্যবসায় থাকলে নতুন পথও খুলে যেতে পারে।


Education Loan Information:

Calculate Education Loan EMI