বিনপুর: প্রার্থী ঘোষণার পর থেকে ভোটের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলো। জোর কদমে চলছে প্রচার। মঞ্চ থেকে আক্রমণ, পালটা আক্রমণও অব্যাহত। শুক্রবার বিনপুরের জনসভা থেকে বিজেপিকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় দাবি করলেন তিনি।
বিনপুরে আজ ভোট প্রচারের যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জনসভা থেকে বিজেপিকে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেন তিনি। অভিষেক প্রশ্ন করে বলেন, ' আমি আপনাদের কিছু তথ্য দিয়েছি, যেখানে তৃণমূলের সরকার বিগত পাঁচ বছরে কি করেছে। আমি আরও তথ্য আপনাদের দেব। কিন্তু বিজেপির যে নেতা কর্মীরা আপনাদের কাছে প্রচারের জন্য আসছে, এদের কাছে তথ্য চাইবেন না। ১২ বছর মোদির সরকারের ক্ষমতায় বিনপুরের জন্য, জামবনির জন্য, কি কাজ এই বিজেপি সরকার করেছে? আমাদের আদিবাসী ভাইদের জন্য কি কাজ করেছে? তপশিলি মায়েদের জন্য কি কাজ করেছে?''
বিজেপি কী কী করেছে, এই প্রশ্ন তোলার পাশাপাশি মমতা বন্দোপাধ্যায় বিনপুরের জন্য কী করেছেন, তার বিস্তারিত তথ্যও অভিষেক জানান। তিনি বলেন, '' দিদি প্রতি মাসে তপশিলি মায়েদের, বোনেদের, জনজাতি মায়েদের, দিদিদের, বোনেদের, বৌদিদের প্রতি মাসে ১৭০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। আর অন্যদিকে মোদি বাবু গ্যাসের দাম বাড়িয়ে, খাবারের দাম বাড়িয়ে, রান্নার তেলের দাম বাড়িয়ে, চা পাতার দাম বাড়িয়ে, দুধের দাম বাড়িয়ে আপনার থেকে সেই টাকা কেড়ে নিচ্ছে। একদিকে দিদি দিচ্ছেন, আর একদিকে মোদি নিচ্ছেন।''
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, তাদের আমি মনে করি রাজনৈতিক ভাবে তারা দেউলিয়া।' ' এবার ভোট টা ধর্মে নয়, কর্মের নামে দিন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'যদি তৃণমূল না থাকে, কিছু পাবেন না' ! তিনি আরও জানান, ' আমরা স্বাস্থ্য সাথীর ৫ লাখ সবাইকে দিই। তার বাড়িতে রেডিও থাকতে পারে, TV থাকতে পারে, পাকা বাড়ি হতে পারে, আমরা এসব বুঝিনা। ১ কোটি ২০ লক্ষ পাকা বাড়ি বানিয়ে দিয়েছি। আগামীদিন যে কটা কাঁচা বাড়ি আছে, সবকটা বানিয়ে দেব। আমাদের অঙ্গীকারে বলা আছে। লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। '
বিহারের নির্বাচনের প্রসঙ্গ তুলে মমতা জানান, ' ওই বিজেপির মত বিহারের নির্বাচনের সময় আট হাজার, পরের দিন বুলডোজার। সব ভেঙে দিয়ে বলছে, দাও সব ফেরত দাও। মনে রাখবেন আমাদের টুকলি করেও দুই একটা জায়গায় যেটা করেছে, TV, স্কুটি, ফোন থাকলে পাবেনা।' 'এরা দেখবে ইস্তেহারে উল্টোপাল্টা বলবে। অন্নপূর্ণা ভাণ্ডার, কিছু নেই। বেটি বাঁচাও-বেটি পড়াও, দেখেছেন কেউ পায়? শুধু ওদের প্রচার।'
