কলকাতা: এক দিনের বঙ্গ সফরে এসে শনিবার বিজেপির 'চার্জশিট' পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত তৃণমূলের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে একটি ৩৫ পাতার ‘চার্জশিট’ প্রকাশ্যে আনেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তৃণমূল যতই বলুক এটা বিজেপির, কিন্তু এটা আসলে বাংলার মানুষের চার্জশিট।
কীসের ভিত্তিতে তৈরি এই ‘চার্জশিট’? সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন...
১. ' এই ভোটে বাংলার মানুষকে ঠিক করতে হবে। ভয়-কে বেছে নেবেন নাকি ভরসা-কে বেছে নেবেন। ভয়ের আতঙ্ক থেকে মুক্তি পেয়ে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক সেভাবেই বাংলাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। '
২. ' এই যে চার্জশিট, এটা তৃণমূলের দুর্নীতির চার্জশিট। সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে সিন্ডিকেট রাজ্যে পরিণত করে বাংলার মানুষদের শোষণ করার কাহিনী এতে আছে।'
৩. তৃণমূলের পঞ্চ বিপর্যয় নিয়েও মন্তব্য করেন অমিত শাহ। তিনি বলেন, 'এখানে ঘুষখোরদের সুরক্ষা দেওয়া হয়।'
৪. অমিত শাহ বলেন, 'দুর্নীতি এখানে একটা রাজনৈতিক রূপ নিয়েছে। কাটমানি নেওয়া এখানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর সিন্ডিকেটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া, এই সরকারের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।
৫. দেশের নিরাপত্তার সঙ্গে বাংলার ভোট জড়িয়ে। তিনি জানান, 'অসমে অনুপ্রবেশ আটকে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে অনুপ্রবেশের একমাত্র পথ হল পশ্চিমবঙ্গ, তাই বাংলার নির্বাচন গোটা দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত।' 'বিজেপি ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে অনুপ্রবেশ নিয়ে সমস্যা সমাধান করে দেবে।'
৬. 'ভোট এলেই কখনও পা ভেঙে যায়, কখনও অসুস্থ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময়ই কোনও না কোনও শারীরিক সমস্যার কথা তুলে ধরে সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন তিনি। তবে এবারের ভোটে এই কৌশল কাজ করবে না।' কটাক্ষ করে অমিত শাহ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করেন'।
৭. SIR নিয়ে অমিত শাহ বলেন, 'সারা দেশে SIR হচ্ছে, কিন্তু কোথাও দেখেছেন যে বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করতে হয়েছে? শুধু বাংলাতেই করতে হয়েছে। এর কারণ কী?'
৮. নারী নিরাপত্তা মজবুত করা, যুবদের চাকরি ও বাংলার উন্নয়নের জন্য ভোট এটা। বিজেপি সরকার গড়লে এই সবকিছু সমাধান করবে।
৯. তৃণমূলের SSC দুর্নীতির দিকও তুলে ধরেন অমিত শাহ। বলেন, 'যে ভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে, তাতে অনেক যুবকের বয়সসীমা পেরিয়ে গেছে। আমরা ক্ষমতায় এলে ৫ বছরের ছাড় দেব এবং বয়সসীমা পেরিয়ে যাওয়া যুবকদের পুনরায় SSC নিয়োগে সুযোগ দেব। এর পাশাপাশি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করব।'
১০. SSC-এর পাশাপাশি অমিত শাহ বাকি দুর্নীতির প্রসঙ্গও উল্ল্যেখ করেন। কয়লা পাচার কাণ্ড, গরু পাচার কাণ্ড, রেশন দুর্নীতি নিয়েও সরব হন তিনি। সমস্ত দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
১১. ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় ঢুকিয়েছেন, কিন্তু যাদের নাম ঢুকিয়েছেন তার মধ্যে ৭৫ শতাংশ শুধুই সংখ্যালঘু! আর কেউ কি ওবিসি নেই? এই বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন অমিত শাহ।
