কলকাতা : একদিকে যখন কলকাতার সাংবাদিক বৈঠক থেকে একের পর এক ইস্যুতে ক্ষুরধান নিশানা করে গেলেন অমিত শাহ, ঠিক তখনই লালমাটির দেশ বীরভূম থেকে কেন্দ্রকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। একদিকে যখন শাহ জোর গলায় ঘোষণা করলেন আগামী ৬ মে এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হবে, ঠিক তখনই বীরভূমের লাভপুরে অভিষেক বললেন, এবার বিজেপিকে ৫০-এর নীচে নামানোর লড়াই।
বীরভূমের মানুষের কাছে ৫ প্রতিজ্ঞা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'এবারের ভোট বিজেপিকে শিক্ষা দেওয়ার ভোট। সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধের জবাব দেওয়ার ভোট'। একদিকে যখন কলকাতা থেকে অমিত শাহ কলিঙ্গের পর বঙ্গজয়ের হুঙ্কার দিলেন, তখন অভিষেক বললেন, '১৫ রাজ্যে বিজেপি ক্ষমতায়, পারলে সবাইকে টাকা দিয়ে দেখাক'।
অভিষেকের ৫ প্রতিজ্ঞা
মহিলা মহলে তৃণমূল সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডার' নিয়েও বড় বার্তা দিলেন অভিষেক। বললেন, বিজেপি ৩ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে বলেছে। ১৫ রাজ্যে বিজেপি ক্ষমতায়, পারলে সবাইকে টাকা দিয়ে দেখাক। অভিষেকের দাবি, বিজেপি চাইছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দিতে। এ - কথা বলে, অভিষেক করলেন পাঁচ প্রতিজ্ঞা। প্রথম প্রতিজ্ঞা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার, দ্বিতীয় প্রতিজ্ঞা সকলের বাড়িতে নলবাহিত পরিশ্রুত জল, তৃতীয় প্রতিজ্ঞা দুয়ারে স্বাস্থ্য মডেল, চতুর্থ প্রতিজ্ঞা সব প্রবীনদের বার্ধক্য ভাতা, পঞ্চম প্রতিজ্ঞা সব আবেদনকারীকে পাকা বাড়ি। একগুচ্ছ প্রতিশ্রুতি
অভিষেক গ্যাসের দাম বৃদ্ধির উদাহরণ টেনে বললেন, মোদি সরকার কাড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিচ্ছে। বরং ফের একবার তৃণমূলকেই ক্ষমতায় আনার আর্জি জানিয়ে অভিষেক দিলেন একগুচ্ছ প্রতিশ্রুতি। বললেন, আরও নতুন পুরসভা ও নতুন জেলা হবে।
অমিত বনাম মমতা
অন্যদিকে এদিন কলকাতায় অমিত শাহ বললেন, 'এবার পশ্চিমবঙ্গের ভোট ভয় থেকে মুক্তির ভোট। প্রাণের ভয় মুক্তি, স্বাধীনতা হারানোর ভয় থেকে মুক্তির ভোট। পশ্চিমবঙ্গে কৃত্রিম জনবিন্যাস পরিবর্তন থেকে মুক্তির ভোট। সংখ্যালঘু হয়ে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট। মহিলাদের নিরাপত্তাহীনতা থেকে মুক্তির ভোট'। তিনি আরও বললেন, 'পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে চাকরি হবে। কেউ বেকার থাকবে না। ' পাল্টা এবারের ভোটকে পাণ্ডব বনাম কৌরবের লড়াই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে দুঃশাসন, কৌরভের দল বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। এবার জনতা জনার্দন , কার কথায় আস্থা রাখে , সেটাই দেখার।
