সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি:   চুঁচুড়া কেন্দ্রের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। এ বছর তাঁকে নয়, দেবাংশু ভট্টাচার্যকে চুঁচুড়া কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। এ নিয়ে প্রথমটায় কিছুটা উষ্মাপ্রকাশ করলেও আপাতত দেবাংশুর হয়েই প্রচার করছিলেন কোমর বেঁধে। তালে তালে চলছিল তর্জন-গর্জনও। কিন্তু ভোটের মাত্র কয়েকদিন আগেই অসুস্থ হয়ে পড়লেন বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। 

Continues below advertisement

চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে  একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় দ্রুত তাকে চুঁচুড়ার নাম-করা বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সূত্রে জানা গিয়েছে, মূলত পেটের সংক্রমণে অসুস্থ তিনি। এছাড়া  ডায়াবেটিস তো আছেই। একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি তিনি।   বর্তমানে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তাই এই মুহূর্তে প্রচারের ময়দানে ফেরা তাঁর পক্ষে কঠিন। 

অসিত মজুমদার  হালে নিয়মিতই দেবাংশুর হয়ে ভোটের প্রচার করতে যাচ্ছিলেন। সম্প্রতি একটি প্রচার সভা থেকে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যাঁরা আমাদের পোলিং এজেন্ট হবেন, শুধু খেয়াল রাখবেন আঙুলটা নীচে আসছে না উপরে উঠছে। তাঁর এই মন্তব্য নিয়ে বিস্তর বিতর্ক হয়। এরপরও প্রচার চালাচ্ছিলেন জোরকদমে, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন প্রবীণ বিদায়ী বিধায়ক। 

Continues below advertisement

৩ বারের বিধায়ক, কিন্তু এবার আর টিকিট পাননি অসিত মজুমদার। তাঁর জায়গায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তরুণ-তুর্কি দেবাংশুর হয়ে দলীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচারকে কটাক্ষ করে আগেই বিতর্কে জড়িয়েছেন অসিত মজুমদার। ২০২১-এর বিধানসভা ভোটে হুগলির ১৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ১৪ আসনে। ৪টিতে জিতেছিল বিজেপি। ২০২৪-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী হুগলিতে ১২ আসনে এগিয়েছিল তৃণমূল, আর বিজেপি এগিয়ে ছিল ৬ আসনে, যার মধ্যে ছিল চুঁচুড়াও। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ও বর্তমান সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় হুগলির বিজেপি প্রার্থী ও প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের থেকে ৮ হাজার ২৬৪ ভোট কম পেয়েছিলেন। অর্থাৎ, লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী, হুগলির চুঁচুড়ায় এগিয়ে ছিল পদ্ম শিবির। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে হুগলি জেলার ১৮ বিধানসভায়। তৃণমূল শিবিরের আশা প্রবীণ বিদায়ী বিধায়ক ভোটের আগেই সুস্থ হয়ে মাঠে ফিরবেন।