বরানগর : আসন্ন বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সায়দীপ মিত্র। তাঁর হয়ে প্রচারে শনিবার সন্ধ্যায় বরানগরে হাজির হয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বরানগরের কুঠিঘাট থেকে মিছিল শুরু হয়। ছিলেন প্রচুর বাম কর্মী-সমর্থক। এদিনের প্রচারে এসে বর্ষীয়ান বাম নেতা প্রার্থী সায়নদীপ সম্পর্কে বলেন, 'বরানগরবাসী উপলব্ধি করতে পারবেন, এই বরানগর অতীতে লড়াই-সংগ্রামের প্রতিনিধিদের পাঠিয়েছেন। এবার প্রার্থী হয়েছেন সায়নদীপ মিত্র। তিনি লড়াই-সংগ্রামের মধ্যেই যুক্ত রয়েছেন। তাই লড়াই-সংগ্রামের বার্তা বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য কমরেড সায়নদীপ মিত্রকে জয়যুক্ত করার বন্দোবস্ত করা উচিত বলে আমি মনে করি।'
এবার বিধানসভা নির্বাচনে তরুণ প্রজন্মকেই প্রার্থী করার দিকে নজর দিয়েছে বামফ্রন্ট। সেই প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, 'নবীন প্রজন্ম না আসলে, রিনিউয়াল হয় না। রিনিউয়াল দরকার। তাই রিনিউয়ালের জন্যই নবীন প্রজন্মকে সবসময় অগ্রাধিকার দিতে হয়।' আর সায়নদীপ বলছেন, 'বিমানদার উপস্থিতি আমাদের সবাইকে একটা অন্য শক্তি দেয়, মেজাজ দেয়, সাহস দেয়।' বরানগর বিধানসভা কেন্দ্রে সায়নদীপ মিত্রর দুই প্রতিদ্বন্দ্বীও কিন্তু বেশ হেভিওয়েট। একজন তৃণমূল কংগ্রেসের সায়ন্তিক বন্দ্যোপাধ্যায়। গতবার জিতেছিলেন তিনি। আরেকজন বিজেপির সজল ঘোষ। জোরকদমে বরানগরে প্রচার চালাচ্ছে তৃণমূল এবং বিজেপি। ইতিমধ্যেই বেশ কয়েকবার কার্যত সম্মুখ-সমরেও জড়িয়েছেন সায়ন্তিক এবং সজল। একদিন পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত ছিল যে তা সামাল দিতে র্যাফ নামাতে হয়।
পশ্চিমবঙ্গে এবার বিধানসভা নির্বাচন দু'দফায়। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে। ১৫২ আসনে ভোটগ্রহণ হবে এই দিন। আর দ্বিতীয় দফায় ভোট হবে ২৯ এপ্রিল। ১৪২ আসনে ভোটগ্রহণ হবে দ্বিতীয় দফায়। আর ৪ এপ্রিল মোট গণনা। এখনও পর্যন্ত ২ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে সিপিএম। এখনও বেশ কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করা বাকি রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ৩ দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এছাড়াও প্রার্থী তালিকা ঘোষণা করেছে আইএসএফ। ভাঙড় থেকে লড়বেন নৌশাদ সিদ্দিকি। ক্যানিং পূর্ব থেকে লড়বেন সদ্য আইএসএফ- এ যোগ দেওয়া একদা তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া এবং ভোটের আগে তৃণমূল ছেড়ে আসা আরাবুল ইসলাম। প্রার্থী তালিকা ঘোষণা করেছেন হুমায়ুন কবীরও। তাঁর নতুন দল আমজনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন নিজে লড়বেন ২টি কেন্দ্র থেকে। বিজেপির তরফে শুভেন্দু অধিকারীও লড়বেন ২টি আসনে। নন্দীগ্রামে সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পবিত্র করের বিরুদ্ধে এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
