কলকাতা: প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ শাসক-বিরোধী, দুই শিবিরেই। হিঙ্গলগঞ্জে রেখা পাত্রকে প্রার্থী করায় অসন্তোষ বিজেপি-র অন্দরেও। সল্টলেকে রাজ্য বিজেপি-র কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভ দেখান বিজেপি-র কর্মী-সমর্থকরা। প্রার্থী বদলের দাবি জানান সকলে। স্লোগান ওঠে, ‘রেখা পাত্রকে মানছি না, মানব না’। লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর রেখা কর্মী-সমর্থকদের পাশে দাঁড়াননি বলে অভিযোগ উঠছে। তাতেই তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি তুলছেন অনেকে। (Rekha Patra)

Continues below advertisement

লোকসভা নির্বাচনে বসিরহাটে প্রার্থী করা হয়েছিল সন্দেশখালি আন্দোলনের মুখ রেখাকে। সেখানে পরাজিত হলেও, বিধানসভা নির্বাচনে তাঁকে ফের হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়েছে। কিন্তু রেখাকে প্রার্থী করায় তীব্র অসন্তোষ বিজেপি-র অন্দরে। শুক্রবার, শনিবারও বিক্ষোভ হয়েছিল। রবিবারও সল্টলেকে রাজ্য বিজেপি-র কার্যালয়ে এসে বিক্ষোভ দেখান হিঙ্গলগঞ্জে দলের কর্মী-সমর্থকরা। (West Bengal BJP)

আজ সল্টলেকে বিজেপি-র কার্যালয়ে, দলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখান অনেকেই। তাঁরা স্লোগান তোলেন, 'রেখা পাত্রকে মানছি না, মানব না', 'হিঙ্গলগঞ্জের প্রার্থী পদ বাতিল করতে হবে, করতে হবে', 'দুর্ব্যবহারকারী, পরাজিত রেখা পাত্রকে চাইছি না, চাইছি না'। এর আগেও সল্টলেকে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। আজও সেই দৃশ্য ধরা পড়ল সল্টলেকে রাজ্য বিজেপি-র দফতরে।

Continues below advertisement

রেখাকে নিয়ে কেন অসন্তোষ, তা নিয়ে বিজেপি-র কর্মী-সমর্থকদের বক্তব্য, “রেখা পাত্র সন্দেশখালি বিধানসভা এলাকার মানুষ। তিনি হিঙ্গলগঞ্জের বাসিন্দা নন। আমরা হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র কাউকে প্রার্থী চাইছি।” অন্য আর এক জন বলেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনে রেখা পাত্রর হয়ে মাঠে ময়দানে নেমে লড়াই করি আমরা। ওঁকে জেতানোর চেষ্টা করি। দল হেরে যাওয়ার পর, আমাদের কর্মীরা আহত হন, অনেকের বিরুদ্ধে মামলা হয়, বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সেই সময় ফোন করেও ওঁকে পাইনি। কোনও যোগাযোগ করা যায়নি ওঁর সঙ্গে।”

সোমবার ১৪৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। সেই সময় বড় ধরনের কোনও বিক্ষোভ দেখা যায়নি রাজ্য বিজেপি-র সদর দফতরে। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে জেলা কার্যালয়ের মধ্যেই সীমিত ছিল বিক্ষোভ। কিন্তু বৃহস্পতিবার আরও ১১২ আসনে প্রার্থী ঘোষণা হওয়ার, পর শুক্র, শনি, রবিবারও রাজ্য বিজেপি-র দফতরে বিক্ষোভ চোখে পড়ছে।

শুধু রেখা পাত্রকে নিয়েই নয়, খড়্গপুরেও বিজেপি-র কার্যালয়ে ভাঙচুরের খবর মিলেছে। নারায়ণগড়ে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ, ভাঙচুর চলে। একাধিক জেলা থেকেঅ এমন ছবি সামনে এসেছে।