কলকাতা : আরএসএস-এর প্রচারক থেকে রাজ্য বিজেপির সভাপতি! তারপর বিধায়ক! তারপর সাংসদ। কিন্তু ২০২৪ এর লোকসভা ভোটে দুর্গাপুর-আসানসোল কেন্দ্র থেকে হার। হঠাৎ করে পার্টির সঙ্গে যেন সাময়িক দূরত্ব তৈরি হওয়া...পার্টির হাইপ্রোফাইল সভাতেও ডাক না পাওয়া ... কাট টু ২০২৬, ফের ফিরে আসা, ব্যাটল অফ ব্যালটে। এখন অবশ্য ভোট ইভিএমে। এরই মধ্যে দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) ব্যক্তিগত জীবনে ঘটে গিয়েছে বড় পরিবর্তন। একদা আরএসএস-এর প্রচারক দিলীপ সাত পাকে বাঁধা পড়েছেন। এই বছর তাই ভোটের হলফনামায় দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারেরও সম্পত্তির খতিয়ান। কত আয় দিলীপ ঘোষের, সম্পত্তি কত, আর গাড়ি-গয়না? এ সম্পর্কে নির্বাচন কমিশনকে দেওয়া রিপোর্টে কী জানিয়েছেন দিলীপ? চলুন দেখে নিই। খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হলফনামায় তাঁর গত কয়েক বছরের আয়কর রিটার্নের বিস্তারিত চিত্র উঠে এসেছে।
প্রার্থীর আয়
অ্যাফিডেভিট অনুযায়ী, দিলীপ ঘোষের গত পাঁচ বছরের আয়
২০২৪-২৫ ➤ ₹১৩,৪৬,৮৮০২০২৩-২৪ ➤ ₹৯,৩৩,৯৫০২০২২-২৩ ➤ ₹১৩,৫০,৮৬০২০২১-২২ ➤ ₹৭,৭২,২৩০২০২০-২১ ➤ প্রযোজ্য নয় !
দিলীপ ঘোষের আয়ের তথ্য থেকে স্পষ্ট ২০২১-২২ থেকে পরপর বছরগুলিতে আয় একটু একটু করে বেড়েছে। ২০২৩-২৪-এ কিছুটা কমলেও ২০২৪-২৫-এ আবার আয় বৃদ্ধি পেয়ে ১৩ লক্ষের উপরে পৌঁছেছে। তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের আয়ের হিসেবও অ্যাফিডেভিটে উল্লেখ করছেন দিলীপ।
২০২৪-২৫ ➤ ₹৬,৬৬,৪২০২০২৩-২৪ ➤ ₹৬,১১,০০০২০২২-২৩ ➤ ₹৪,৯৯,৬০০২০২১-২২ ➤ ₹৪,৯৯,৮২০২০২০-২১ ➤ প্রযোজ্য নয় !
হলফনামা অনুসারে, মনোনয়ন জমার সময় দিলীপের হাতে ছিল ৩ লক্ষ ৫০ হাজার টাকা। তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের হাতে ছিল ৫ লাখ টাকা।
অস্থাবর সম্পত্তি
দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্ক মজুমদারের একাধিক ব্যাঙ্কে টাকা রাখা আছে । পোস্ট অফিসেও বিভিন্ন স্কিমে টাকা রাখেন দিলীপ-রিঙ্কু। তাঁদের দুজনের অস্থাবর সম্পত্তির পরিমাণ (হাতে থাকা নগদ সহ) - দিলীপের ২৮,৭৫,৮০৫ টাকা, রিঙ্কুর ২২,৯৮,৩০১.৯৩/- টাকা।
স্থাবর সম্পত্তি
দিলীপ ঘোষের অ্যাফিডেভিট অনুযায়ী— প্রায় ১.৮৮ একর কৃষিজমি রয়েছে। এছাড়াও রয়েছে দুটি ফ্ল্যাট। একটি ৮০০ বর্গ ফুট এবং একটি ৩ হাজার ৪৮৩ ফুটের । যার বর্তমান মূল্য ১ কোটি ৮৫ লক্ষ ৪৫ হাজার ৫৮৯ টাকা। তাঁর স্ত্রীরও ১ হাজার ৩০৭ বর্গ ফুটের কমার্শিয়াল বিল্ডিংয়ের মালিকানা রয়েছে। আছে ফ্ল্যাটও। সবমিলিয়ে মোট ৭০ লক্ষ টাকার সম্পত্তির মালিক রিঙ্কু মজুমদার।
গাড়ি ও গয়না
দিলীপ ঘোষের নিজস্ব গাড়ি নেই ঠিকই, তবে রিঙ্কু মজুমদারের একটি চার চাকা গাড়ি আছে। এছাড়া দিলীপ ঘোষের সোনা-দানা নেই বলেই হলফনামায় উল্লেখ।
ঋণ আছে?
দুজনের কারওরই ঋণ নেই।
আইন-কানুন
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গায় উসকানি, একাধিক মামলায় অভিযুক্ত তিনি। সবমিলিয়ে ২৮টি মামলা রয়েছে দিলীপের বিরুদ্ধে। তবে কোনওটির ক্ষেত্রেই চার্জ গঠন হয়নি।
২০১৬-র বিধানসভা নির্বাচনে প্রথমবার ভোটে দাঁড়ান দিলীপ ঘোষ। সূচনাতেই বিপুল জয় পান তিনি। খড়গপুরের বিধায়ক-তালিকা থেকে মুছে যায়, ১০ বারের কংগ্রেস বিধায়ক জ্ঞানসিংহ সোহন পালের নাম। এরপর ২০২৬ এ ফের পুরনো ক্রিজে দিলীপ ঘোষ। ভরসা রাখবে পুরনো ঘাঁটি? উত্তর মিলবে ৪ মে।
