বিশ্বজিৎ দাশ, কলকাতা : দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে উস্কানি মূলক মন্তব্যের অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। মন্ত্রী শশী পাঁজার ( Sashi Panja ) বাড়িতে হামলার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। সেই ঘটনাতেও নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ করেছে তৃণমূল। বৃহস্পতিবার চা-চক্রে বেরিয়ে আবার কড়া মন্তব্য করলেন দিলীপ। বললেন, 'নির্বাচন কমিশনে যান, কোর্টে যান। নির্বাচন কমিশন দেখবে কে ঠিক, কে ভুল।' 

Continues below advertisement

কী মন্তব্য করেছিলেন দিলীপ? গত শনিবার খাস কলকাতায়, রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা হয়, অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। উল্টোদিকে বিজেপির অভিযোগ ছিল, ব্রিগেডে যোগ দিতে আসা তাদের কর্মী সমর্থকদের বাসে পরিকল্পনা করে হামলা চালিয়েছে তৃণমূল। এই ঘটনা নিয়েই কথা বলতে গিয়ে দিলীপ বলেন, 'তৃণমূলের গুন্ডাগিরি, দাদাগিরি, লুঠপাট অনেক সহ্য করেছে মানুষ। আমরা সামনে আছি। আমরা শুরু করেছি। আপনারা হাত লাগান। এরপর তৃণমূলের নেতা এই গুন্ডাদের গণপিটুনি হবে সব জায়গায়। আমি বলে দিচ্ছি। কারণ, কলকাতার বুকে যদি আমরা ঠুকতে পারি, সারা পশ্চিমবঙ্গে ঠুকতে পারব, ঠুকব।' দিলীপ এও বলেন, 'যদি শশী পাঁজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে। মদন মিত্রের বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে। আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন।' 

এই ঘটনাতেই জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে, নির্বাচনী বিধিভঙ্গ, শোকজ নোটিস, FIR দায়েরের দাবি করেছে তৃণমূল। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপের সটান জবাব, 'চিরদিন দিলীপ ঘোষ কিছু বললে ওরা ভয় পায়। চিরদিন আমার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে।  ... এখনও অভ্যাস যায়নি দিলীপ ঘোষের বিরুদ্ধে মেসোমশাইকে অভিযোগ করে। আমি বলে দিচ্ছি 'দিলীপ ঘোষ লড়াই করেছে করবে। পাবলিক আমার সঙ্গে আছে। নির্বাচন কমিশনে যাওয়ার সবার অধিকার আছে। নির্বাচন কমিশনে যান, কোর্টে যান। নির্বাচন কমিশন দেখবে কে ঠিক, কে ভুল। যদি আমাদের জানতে চায় আমরা জবাব দেবো। নির্বাচন কমিশনকে যা তা বলেছেন, গো ব্যাক বলেছেন তার কাছে গিয়ে হাতজোড় করে নিবেদন করে বলছে দিলীপ ঘোষের থেকে আমাদের বাঁচান। ভগবানও বাঁচাতে পারবে না।' 

Continues below advertisement

গিরীশ পার্কে অশান্তির ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।