খড়গপুর : মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই নন্দীগ্রামে নিজের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । সঙ্গে ছিলেন এই রাজ্যে এখনও পর্যন্ত বিজেপির সফলতম প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। আর আজ, শনিবার, খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়নপত্র জমা দেওয়ার বর্ণাঢ্য মিছিলে সঙ্গী হলেন শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুরে গেরুয়া মিছিল দেখেছিল কলকাতা।
হুড খোলা ট্যাবলো দিলীপ - শুভেন্দু
শনিবার দিলীপ ঘোষের মিছিল ঘিরে জমজমাট ছিল গোলবাজারের এলাকা। গেরুয়া পতাকা হাতে হাঁটলেন বহু বহু কর্মী ও সমর্থক। সুসজ্জিত হুড খোলা ট্যাবলো, গেরুয়া ফুলের পাপড়িতে সেজে উঠেছিল ব়্যালি। খড়গপুরের মানুষকে হাত নেড়ে অভিবাদন জানালেন দিলীপ ঘোষ। গত লোকসভা ভোটে তিনি জয় পাননি দুর্গাপুর-আসানসোল কেন্দ্র থেকে। কিন্তু খড়গপুরের সঙ্গে তাঁর অতীতের সংযোগ। তাই আত্মবিশ্বাসী মেজাজেই এগিয়ে গেলেন তিনি। বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে বলতে , খোস মেজাজেই মনোনয়ন জমা দিতে এগোলেন তিনি।
আরও পড়ুন :
বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী শুভেন্দুই? ভবানীপুরে কী হবে ফল? প্রশ্ন শুনেই দিলীপের স্পষ্ট জবাব ....
মিছিলের তোরজোর ছিল সকাল থেকেই। রাস্তায় কর্মী-সমর্থকদের ভিড় ঠেলে দিলীপ যখন পৌঁছলেন, তখন দ্বিপ্রহর। জমজমাট রোড শো করে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন পেশ করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও।
শনিবার দিলীপের মিছিল শুরু হয় খড়গপুর রাম মন্দির থেকে। পুজো দিয়ে যাত্রা শুরু করেন তিনি। দুপুরে মিছিল পৌঁছয় খড়গপুর মহকুমা শাসকের দফতরে। সেখানেই মনোনয়ন জমা দেন দিলীপ।
শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার সময় পাশে ছিলেন দিলীপ আর দিলীপের সঙ্গে রইলেন শুভেন্দু। আর উল্লেখযোগ্য ভাবে দুজনের মনোনয়ন জমা দেওয়ার সময়ই রইলেন সর্বভারতীয় স্তরের হেভিওয়েড নেতা-নেত্রীরা। দুই দিন আগেই সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ জানান, বিজেপি কোনও দিন মুখ্যমন্ত্রীর মুখ প্রোজেক্ট করে ভোটে লড়ে না ... যা হবে ভোটের ফলাফল দেখে হবে। সর্বভারতীয় নেতারা ঠিক করে নেন কার মনোনয়নে কোন কোন নেতা থাকবেন।
এখন দেখার ২৩ এপ্রিল মানুষ দিলীপের পক্ষে থাকেন কি না। অপেক্ষা সময়ের।
