West Bengal Assembly Election 2026: আইএসএফ- এর প্রার্থী তালিকা ঘোষণা করেছেন ভাঙড়ের বর্তমান বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার ভাঙড় থেকে নওশাদ নিজেই লড়বেন ভোটে। আর ক্যানিং পূর্ব থেকে আইএসএফ এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছে সদ্য দলে যোগ দেওয়া আরাবুল ইসলামকে। তৃণমূল থেকে আগেই সাসপেন্ড হয়েছিলেন আরাবুল। ভোটের মুখে দল ছেড়ে আইএসএফ- এ যোগ দেন তিনি। তাঁকে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিলই। অবশেষে সব জল্পনা শেষ হল আইএসএফ- এর প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর। ক্যানিং পূর্ব থেকে আইএসএফ প্রার্থী হয়েছেন আরাবুল ইসলাম। প্রসঙ্গত উল্লেখ্য, এবার নজরে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র। কারণ এখানে প্রার্থীর বড় বদল করেছে তৃণমূল। শওকত মোল্লাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভাঙড়ে। নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে লড়বেন তিনি। ২৩ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আইএসএফ। 

Continues below advertisement

ক্যানিং পূর্বে টিকিট পাওয়ার পর, দলের নেতাদের এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন আরাবুল ইসলাম। ইতিমধ্যেই আরাবুলকে কটাক্ষ করেছেন, ক্যানিং পূর্বের গতবারের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। এখানে উল্লেখ্য, আরাবুলের সঙ্গে শওকতের সংঘাত নতুন নয়। এবার আইএসএফ প্রার্থী হয়ে আরাবুল বলেছেন, 'একটা সময় তাদের হাতে গুলি, বোমা, বন্দুক সব ছিল। এখনও ক্যানিং পূর্বে গুলি, বোমা বন্দুক রয়েছে। চেষ্টা করব শান্তিপূর্ণ ভোট করার। মমতা বন্দ্যোপাধ্যায় তো চোখ দিয়ে দেখেন না, কান দিয়ে দেখেন।'                      

ভোটের আগে, তৃণমূল ছেড়ে ISF-এ নাম লেখান আরাবুল ইসলাম। হুগলির ফুরফুরায়, ISF-এর দফতরে, দলীয় নেতৃত্বের হাত থেকে পতাকা হাতে তুলে নেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। তারপরই সরব হন তৃণমূলের বিরুদ্ধে। একসময়ে তৃণমূল নেতাদের কথাতেই, তিনি ছিলেন 'তাজা নেতা'।সেই আরাবুল ইসলাম তৃণমূল ছেড়ে নাম লেখালেন ISF-এ। অধ্যাপিকাকে জগ ছুঁড়ে মারা থেকে শুরু করে ISF কর্মীকে খুনের মামলায় গ্রেফতারি, জেলযাত্রা থেকে সাসপেনশন, বারে বারে চর্চায় উঠে এসেছে আরাবুলের নাম।                      

Continues below advertisement

এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা।