বিপুল জয়ের পর আডবাণী, জোশী সকাশে প্রধানমন্ত্রী মোদী
ABP Ananda, Web Desk | 24 May 2019 12:56 PM (IST)
নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি অমিত শাহ আজ দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর জোশীর সঙ্গে দেখা করেন। বৈঠকের পর টুইটারে ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: লোকসভা ভোটে ঐতিহাসিক জয় পেয়ে অগ্রজদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ও বিজেপি সভাপতি অমিত শাহ আজ দুই প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর জোশীর সঙ্গে দেখা করেন। বৈঠকের পর টুইটারে ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। মোদী লিখেছেন, সম্মানীয় আডবাণীজির সঙ্গে দেখা করলাম। আজ বিজেপির এই সাফল্য তাঁদের মত অসাধারণ নেতাদের জন্য সম্ভব হয়েছে যাঁরা দশকের পর দশক ধরে দলকে গড়ে তুলেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন নয়া মতাদর্শ। শোনা যাচ্ছিল, আডবাণীর পুরনো আসন গাঁধীনগরে এবার তাঁর বদলে দল অমিত শাহকে টিকিট দেওয়ায় আডবাণী রুষ্ট হয়েছেন। এই সাক্ষাৎ কতটা জল গলাতে পারল তা অবশ্য এখনই পরিষ্কার নয়, যদিও দলের জয়ের পর টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন উপ প্রধানমন্ত্রী। পাশাপাশি মুরলী মনোহর জোশীর সঙ্গেও দেখা করেন মোদী-শাহ। সহাস্য আলিঙ্গন করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিনি।