কলকাতা: DA নিয়ে বহুদিন ধরেই রাজ্য সরকার বনাম সরকারি কর্মীদের দ্বন্দ্ব চলমান। প্রাপ্য DA-এর দাবিতে মামলা হয় সুপ্রিম কোর্টেও। বুধবার এই মামলার রায় ছিল শীর্ষ আদালতে। কিন্তু রাজ্যের সরকারি কর্মীদের আপাতত স্বস্তি মিলল না। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি পিছিয়ে গেল। পরবর্তী রায় ৬ মে।  

Continues below advertisement

অন্যদিকে, রাজ্যের সরকারি কর্মীদের DA নিয়ে ফের কড়া ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন 'মুখ্যমন্ত্রী DA-র দাবিকে বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না'! এই মন্তব্যের পর শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। তিনি আরও বলেন, ' এই রাজ্য সরকার DA এবং বেতন কমিশনে বিশ্বাস করে না, রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চাইছে।'

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, '' আপনারা জানেন, এই রাজ্য সরকার DA এবং বেতন কমিশনে বিশ্বাস করে না, রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চাইছে, আর সুপ্রিম কোর্টের যে নির্দেশকা আছে তা কার্জকর করতে চাইছে না। কারণ, এই রাজ্যের অর্থনৈতিক অবস্থা ইতিমধ্যে দেউলিয়ার জায়গায় চলে গেছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন DA কর্মচারীদের অধিকার হতে পারে না, মুখ্যমন্ত্রী কর্মচারী, শিক্ষক এবং রাজ্য সরকারের নথিভুক্ত যারা আছেন এবং পেনশন যারা পান, এদের DA-এর দাবিকে কখনও কখনও বলেছেন বেশি ঘেউ ঘেউ করবেন না'! 

Continues below advertisement

শুভেন্দু অধিকারী আরও জানান, ''কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রায়দিঘির পরিবর্তন সংকল্প সভা থেকে ঘোষণা করেছেন যে, রাজ্যে বিজেপি সরকার এলে বকেয়া DA দেওয়া থেকে শুরু করে সপ্তম বেতন কমিশন চালু হবে। তাই মাত্র কয়েকটা দিন এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আছে। ৪ তারিখের পর নতুন বিজেপি সরকার আসবে। আর আসার পর DA-এর অধিকার ও পে-কমিশনের স্বপ্ন বাস্তবায়িত করবে।''  উল্লেখ্য, বুধবার সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে সওয়াল করেন আইনজীবী কপিল সিবল। তিনি জানান, ইন্দু মালহোত্রা কমিটির সুপারিশ মেনে চলতে রাজ্য সরকার রাজি আছে এবং সেই অনুযায়ী ইতিমধ্যেই আর্থিক প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর দাবি, তাঁরা কমিটির সুপারিশগুলো মেনেছেন।  বকেয়া DA-র জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। তারমধ্য়ে ৪ হাজার ৭০০ কোটির বেশি ইতিমধ্য়েই দেওয়া হয়েছে। যাঁদের রেকর্ড রয়েছে, তাঁদের সবাইকে DA দেওয়া হয়েছে। বাকিদের সম্পর্কে তথ্য নিয়ে টাকা দিতে বলেছে কমিটি। সেই পদক্ষেপ খুব দ্রুত গ্রহণ করা হবে।