প্রকাশ সিন্‌হা, আসানসোল : বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) গাড়ি ভাঙচুর। আসানসোলে (BJP) গাড়ি ভাঙচুর হয়েছে অগ্নিমিত্রার। তিনি জানিয়েছেন, রহমতনগরের একটি বুথে গিয়েছিলেন (West Bengal Assembly Election 2026)। বুথ থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই হামলা হয়। বড় একটা পাথর মারা হয় গাড়ির পিছনে। ভেঙে গিয়েছে গাড়ির পিছনের কাচ। গাড়ির পিছনে বসেছিলেন অগ্নিমিত্রার আপ্ত সহায়ক। অগ্নিমিত্রা পাল সকাল থেকেই বিভিন্ন বুথে ঘুরছেন। ভোট পরিস্থিতি পরিদর্শন করছেন। এদিন গাড়ি ভাঙচুর হওয়ার পর অগ্নিমিত্রা বলেছেন, '২০২১ সালেও একই ঘটনা ঘটেছিল। ওরা চায় আমি এখানে না আসি। রহমতনগর সংখ্যালঘু এলাকা। আমি আসবই। আমি ওনাদেরও বিধায়ক। মুসলমানরা তৃণমূলের সম্পত্তি নন, আমাদেরও কাছের লোক।' 

Continues below advertisement

ভোট শুরুর দিন সকালে অগ্নিমিত্রা পালের সঙ্গে বচসা হয় এক পুলিশ আধিকারিকের। পুলিশের তরফে বলা হয় অগ্নিমিত্রার সঙ্গে ৫টি গাড়ি যেতে পারবে না। এই নিয়েই শুরু হয় বচসা। এই সময়েই ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আনেন। তিনি বলেন, ডামি ইভিএম দেখিয়ে ভোটারদের বলে দেওয়া হচ্ছে তাঁরা কোন বোতাম টিপে ভোট দেবেন। সেই সঙ্গে তিনি এও অভিযোগ করেন যে, পুলিশ তাঁর সঙ্গে যাওয়া গাড়ির সংখ্যা নিয়ে যে সমস্যা তৈরি করেছিল কোনও প্রমাণ পুলিশ দেখাতে পারেনি। অগ্নিমিত্রা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় নতুন সংবিধান বানিয়েছেন। ভারতের সংবিধান এখানে চলে না।' এখানেই শেষ নয়। যাবতীয় সমস্যা নিয়ে অগ্নিমিত্রা কমিশনে অভিযোগ জানিয়েছেন বলেও জানিয়েছেন। 

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এবার ২ দফায়। আজ ২৩ এপ্রিল প্রথম দফা। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফা। ৪ মে ভোট গণনা। এবার ভোটে আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হয়েছেন বিজেপির অগ্নিমিত্রা পাল। আজ ১৫২টি আসনে মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে। যাদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৩১১ জন ও মহিলা প্রার্থীর সংখ্যা ১৬৭ জন। প্রথম দফার ভোটযুদ্ধে ১৬টি জেলার মোট ১৫২টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। এছাড়াও ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। অন্যদিকে, এবারই প্রথমবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চলেছেন ৪ লক্ষ ৫ হাজার ৭১৮ জন ভোটার। 

Continues below advertisement