ময়ূখ ঠাকুর চক্রবর্তী, বরানগর : দ্বিতীয় দফার ভোটে হেভিওয়েট বিধানসভা কেন্দ্র বরানগর। সেখানে সিপিএমের প্রার্থী সায়নদীপ মিত্র। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তিনি। বরানগরের ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের বুথে সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্রর সঙ্গে সিআরপিএফের বচসা। বুথের ভিতর এত লোক কেন? কেন্দ্রীয় বাহিনীকে প্রশ্ন সিপিএম প্রার্থীর। ভোটারদের প্রভাবিত করার অভিযোগও তুলেছেন সায়নদীপ।              

আরও পড়ুন- 'ভোট চুরি করতে পারছে না, হিংসা করতে পারছে না, মাথা কাজ করছে না', TMC-র বিক্ষোভের পাল্টা নৌশাদ

সায়নদীপকে বলতে শোনা যায়, 'বুথের ভিতরে এত লোক কেন? কার দায়িত্ব? আমার দায়িত্ব? নির্বাচন কমিশন বলেছে... সিআরপিএফের দায়িত্ব। এখানে হচ্ছেটা কী? ভিতরে এত লোক কেন? কী করছেন আপনি? কেন এরকম হচ্ছে? আপনার নাম বলুন? ভিতরে গিয়ে সবাইকে বাইরে বের করুন। হচ্ছেটা কী এখানে? বুথের ভিতরে এত লোকের যাওয়ার তো কথা নয়। আশপাশেও এত লোক থাকার কথা নয়।'       

সায়নদীপের অভিযোগ, কলেজ চত্বরে প্রচুর লোক চেয়ার নিয়ে বসে ছিলেন। তাঁরা ভোটারদের নির্দেশ দিচ্ছিলেন বিভিন্ন ভাবে। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন বরানগরের সিপিএম প্রার্থী সায়নদীপ মিত্র। পরে অবশ্য কেন্দ্রীয় বাহিনী এসে যাঁরা চেয়ার নিয়ে বসেছিলেন তাঁদের তুলে দেয়। জানা যাচ্ছে, দ্বিতীয় দফার ভোটের দিন বরানগরের একটি বুথে বিএলওদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী সজল ঘোষ। বিএলও-রা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, সঠিক জায়গায় বসছেন না, এমনই অভিযোগ করেছেন সজল ঘোষ। অবজার্ভারকে ফোন করেও তিনি অভিযোগ জানিয়েছেন বলে খবর।              

আরও পড়ুন- ইভিএমে 'টেপ', অভিযোগ! ফলতায় অবৈধ জমায়েত, লাঠি উঁচিয়ে তাড়া কেন্দ্রীয় বাহিনীর

বরানগরে এবার ভোটের লড়াই জমজমাট। তৃণমূলের প্রার্থী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী সজল ঘোষ। আর সিপিএমের সায়নদীপ মিত্র। আজ দ্বিতীয় এবং শেষ দফার ভোট রাজ্যে। ৭ জেলার ১৪২টি আসনে আজ ভোটগ্রহণ করা হবে। ভোটের গণনা আগামী ৪ মে। 

দুপুর ১টা পর্যন্ত কোথায় কত ভোট পড়েছে (নির্বাচন কমিশন সূত্রে) 

  • দুপুর ১ পর্যন্ত ভোট পড়ল ৬১%
  • কলকাতা উত্তর: ৬০%,
  • কলকাতা দক্ষিণ: ৫৮%
  • হুগলি: ৬৫%
  • হাওড়া: ৬১%
  • উত্তর ২৪ পরগনা: ৫৯%,
  • দক্ষিণ ২৪ পরগনা: ৫৯%
  • পূর্ব বর্ধমান: ৬৭%
  • নদিয়া: ৬১%