রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা : শেষ দফার ভোটে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana) ভাঙড় (Bhangar)। বারবার বিক্ষোভের মুখে আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকি (ISF Naushad Siddiqi)। ভাঙড়ের আইএসএফ প্রার্থীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে যায় কয়েকজন। বিক্ষোকারীদের উদ্দেশে ক্ষুব্ধ নৌশাদকে বলতে শোনা যায়, 'মারবে নাকি... আমাকে মারবে? শান্তিপূর্ণ ভোট হচ্ছে, পাকামো হচ্ছে? তৃণমূলের লোক। ভোট চুরি করতে পারছে না। হিংসা করতে পারছে না। মাথা কাজ করছে না ওদের। সব ভোট চুরি বন্ধ করে দেব। মানুষের ভোট মানুষ দেবে। যাকে ইচ্ছে তাকে দেবে।' 

আরও পড়ুন- কালীঘাটে লাঠিচার্জ কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর, বন্দুক হতে কালীঘাট রোডে ঢুকল বাহিনী! 

জানা গিয়েছে, ভাঙড়ের সাইহাটিতে আইএসএফ প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। নৌশাদ সিদ্দিকিকে ঘিরে ধরে ক্রমাগত স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। শান্তিপূর্ণ পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে অশান্ত করার চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ নৌশাদের। এক বিক্ষোভকারীকে নৌশাদের উদ্দেশে বলতে শোনা যায়, 'আপনাকে তো খুঁজেই পাওয়া যায় না।' পাল্টা নৌশাদ বলে, 'ছবি তুলে রাখো।' তারপরই ওই বিক্ষোভকারীর দিকে এগিয়ে গিয়ে নৌশাদ বলেন, 'মারবে নাকি, আমায় মারবে?' এর পাশাপাশি 'জয় বাংলা' স্লোগান শুনে নৌশাদ বলেন, 'শওকত সাহেব আছেন, তাই একটু উত্তেজিত হয়ে বলছে। আমিও বাংলায় জয় চাই। তবে চোর মুক্ত বাংলা... সেই জন্যই আমি আজ রাজনীতিতে।' 

আরও পড়ুন- আগে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যয়, আর এবার শ্যামপুকুরে 'স্লো ভোটিং'-এর অভিযোগ বিজেপির! 

আজ ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট পশ্চিবঙ্গের ৭ জেলার ১৪২টি আসনে। এর মধ্যে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। সেখানে বিভিন্ন জায়গা থেকে ভোটদানে বাধা-সহ একাধিক অভিযোগ এসেছে সকাল থেকেই। আর তা শুনে অনেক জায়গাতেই ছুটে যান ভাঙড়ের আইএসএফ প্রার্থী নৌশাদ সিদ্দিকি। বিক্ষোভের মুখেও পড়েন তিনি। ভাঙড়ের সাইহাটির পাশাপাশি ভাঙড়ের প্রাণগঞ্জেও বিক্ষোভের মুখে পড়েন নৌশাদ। তাঁকে দেখেই ঘিরে ধরে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। 

ভাঙড়ের প্রাণগঞ্জে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠতেই ঘটনাস্থলে যান নৌশাদ। সেখানে যেতেই তাঁকে দেখে তৃণমূলের কয়েকজন 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় বাহিনী-পুলিশকে লাঠিচার্জ করতে হয়। প্রাণগঞ্জের ২৩৩ এবং ২৩৪ নম্বর বুথে ভোটদানে বাধার অভিযোগ পেয়ে সেখানে পৌঁছন ভাঙড়ের আইএসএস প্রার্থী নৌশাদ সিদ্দিকি। তিনি আসতেই শুরু হয় গন্ডগোল। একদল লোক জড়ো হয়ে 'জয় বাংলা' স্লোগান দিতে থাকে। সেদিকে রীতিমতো তেড়ে যান নৌশাদ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে নিমেষে। এরপর কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে জমায়েত সরিয়ে দেয় বলে খবর। তারপর শুরু হয় ভোটগ্রহণ। সাময়িক ভাবে উত্তেজনা ছড়ালেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বাভাবিক ভাবেই চলছে ভোটগ্রহণ। এলাকা ছেড়ে নৌশাদ সিদ্দিকি চলে যান বলেও জানা গিয়েছে।