মধ্যমগ্রাম: প্রথম দফার মতো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দ্বিতীয় দফাতেও প্রবল পরিমাণে ভোট পড়ছে। বিকেল পাঁচটা পর্যন্ত ৯০ শতাংশ ভোট পড়ে গিয়েছে। তবে প্রাণহানির এখনও পর্যন্ত কোনও খবর না আসলেও, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট করানো গেল না। দ্বিতীয় দফার ভোটে জায়গায় জায়গায় দেখা গেল বিক্ষোভ, অশান্তি। আর এবার অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর দিকেই।
মধ্যমগ্রামে (Madhyamgram) কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। বুথের ছবি তোলায় যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বীরপুর প্রাথমিক বিদ্যালয়ে ২৫৩ নম্বর বুথে। যার জেরে উত্তপ্ত চারিবেশ, বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়রাও। স্থানীয়রা বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে এক যুবক মোবাইল নিয়ে ভোট নিতে যাওয়ায় তাঁকে বিএসএফ মাথায় আঘাত করেছে। মোবাইল ফোনে ভিডিও করার সময় মারধরের অভিযোগ। নির্বাচন কমিশনের নিয়মবিধি অনুযায়ী বুথে ফোন নিয়ে প্রবেশ করা যায় না। তাও ওই ব্য়ক্তি বুথের ভিডিও করছিলেন। এরপরেই নাকি বিএসএফ ওই যুবককে আঘাত করা হয়েছে।
স্থানীয়দের দাবি, তাঁরা বাচ্চাদের সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন। বাচ্চাদেরও নাকি রেয়াত করেনি বিএসএফ। আহত যুবকের মাথায় দুইবার তো আঘাত করাই হয়েছে, উপরন্তু স্থানীয়দের দাবি তাঁর আঘাত লাগার পরে জলে দেওয়ার চেষ্টা করা হলেও, সেটা অবধি বিএসএফ দিতে দেননি। শেষমেশ তাঁরা কোনওরকমে সামনে দাঁড়িয়ে থাকা একটি সরকারি গাড়ি করে ওই আহত যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:- ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, তেড়ে গেলে বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী
এই গোটা ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। গ্রামবাসীরা এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের অভিযোগ, অন্যায়ভাবে আঘাত করা হয়েছে ওই যুবককে। ইতিমধ্যেই উত্তেজনার মাঝে ওই এলাকায় প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হয়েছেন, রয়েছে অনেক পুলিশও।
তবে মধ্যমগ্রামে আজকে ঝামেলার ঘটনা কিন্তু এই প্রথম নয়। মধ্যমগ্রামের খামারপাড়া পঞ্চায়েতের রমাগাছি ২৯২ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার ঘটনায় উত্তেজনা শুরু হয়। ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল এজেন্ট, এই অভিযোগ আনেন ISF প্রার্থী প্রিয়ঙ্কা বর্মন। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল অশান্তি শুরু হয়। প্রার্থীর অভিযোগে তৃণমূল এজেন্টকে বের করে দেয় কেন্দ্রীয় বাহিনী। যদিও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওই অভিযুক্ত তৃণমূল এজেন্ট।
