কলকাতা : ১৫২টি আসনে প্রথম দফার ভোট শেষ! এবার শুরু হল ফলাফলের হিসেব-নিকেশ।বিক্ষিপ্ত অশান্তির মধ্য়েও বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট হল শান্তিতেই। লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করলেন রেকর্ড সংখ্য়ক ভোটার। ভোটকেন্দ্রের বাইরে জটলা, দাদাগিরি, বাইক বাহিনীর দাপট...কোনওকিছুই দেখা গেল না। কোথাও কোনও অভিযোগ উঠলেই সঙ্গে সঙ্গে তৎপর হল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী।
এর মাঝে কিছু অশান্তির ছবিও সামনে এল। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে তাড়া করে মারধর করা হল বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে। আসানসোলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের কনভয়ের গাড়ির কাচ ভাঙা হল। মুর্শিদাবাদের নওদায় তৃণমূলের সঙ্গে তুমুল বচসা এবং ধস্তাধস্তিতে জড়ালেন হুমায়ুন কবীর। এর মধ্যে অনেকেরই প্রশ্ন, এই ভোটদানের এই বিরাট হার কীসের ইঙ্গিত? প্রথম দফার পরই কে-কোথায়-দাঁড়িয়ে , তা নিয়ে নিজেদের মতো করে হিসেব-নিকেশ শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কিন্তু কী বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো?
কী বললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো?
এদিন মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee )চৌরঙ্গীর জনসভা থেকে নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, 'আপনি বলছেন ভোটের দিন আপনি জিতছেন । জনগণকে কেন অবিশ্বাস করেন । তাদেরকে কেন বিশ্বাস করেন না। আপনারা এক মহামূর্খ হন কী করে। তার মানে কি ইভিএমে ফিট করে রেখেছেন নাকি ! তা নয়তো কী করে বলছেন সব জায়গায় জিতছেন । '
অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি : মমতা
এছাড়াও বিদায়ী মুখ্যমন্ত্রী দাবি করেন, 'আজকে যা ভোট হয়েছে। অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি। তুমি ক্যাঁচকলা করবে। আগামীদিনেও সবাইকে ভোট দিতে হবে। এদের রাজনৈতিক দুরমুশ করতেহবে।'
বিজেপির প্রতিক্রিয়া
এদিকে আবার বৃহস্পতিবার ভোট যখন মধ্যগগনে তখনই শুভেন্দু অধিকারী বললেন, ১৫২ আসনের মধ্য়ে 'ন্য়ূনতম ১২৫ টি আসন পাবে বিজেপি'। কুণাল ঘোষ আবার বলছেন, '১৫২টির মধ্য়ে ১৩২ থেকে ১৩৫টি তৃণমূল জিতছে।' যদিও গণতন্ত্রে নেতা-নেত্রী নন, শেষ কথা বলে গণদেবতা । সাধারণ মানুষ। ভোটার। তাঁদের মতামত জানা যাবে ৪ মে।
আরও পড়ুন :
ভোট চলাকালীন সব কাজ ফেলে একসঙ্গে লাঞ্চে ! পিংলার বুথের সব ভোটকর্মীকে একসঙ্গে সাসপেন্ড করল কমিশন
