দক্ষিণ ২৪ পরগনা, সোনারপুর : আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ভোটপ্রচারের ক্ষেত্রে বারংবার অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। বিভিন্ন জনসভায় বিজেপির তরফে দাবি করা হয়েছে, তাদের সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ্য থেকে বিতাড়িত করা হবে। অন্যদিকে আবার ভোটের আগে এ রাজ্যে কেন্দ্রের করা এসআইআর প্রক্রিয়া নিয়ে বারবার বিজেপিকে কাঠগড়ায় তুলেছে তৃণমূল। মূল কথা হল, বিজেপির দাবি এই অনুপ্রবেশকারীদের ভোটেই এতদিন জিতে বাংলার মসনদ ধরে রেখেছিল শাসক দল। আর তৃণমূলের দাবি, অনুপ্রবেশকারীদের রাজ্য থেকে তাড়ানোর নামে বিজেপি ইচ্ছাকৃত ন্যায্য ভোটারদের নাম বাদ দিয়েছে।
এই বিতর্ক চলছে অনেকদিন ধরেই। এর মাঝখানে শনিবার সোনারপুরের সভা থেকে ফের একবার বিজেপির দিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রর সমর্থনে জনসভায় গিয়ে মমতা বলেন, 'বাংলায় কথা বললেই অনুপ্রবেশকারীদের কারখানা। সীমান্ত, বাহিনী কার হাতে? শুল্ক বিভাগ কার হাতে? তোমাদের হাতে। আমি রেলমন্ত্রী ছিলাম, সোনারপুরে কত রেল দিয়েছি, জানি। ভোটের সময়ে চার্জশিট দিয়ে বলছ, তৃণমূল চোর। তৃণমূল চোর হলে তুমি সুপার ডাকাত।'
এখানেই শেষ নয়। বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, 'বেছে বেছে বিজেপি লোক পাঠিয়েছে, সবাইকে ধমকাচ্ছে, পার্টি অফিসে ঢুকে রেড, হিম্মত থাকলে সরাসরি লড়াই কর। অনেককে পাঠিয়েছে, বলছে বেছে বেছে অ্যারেস্ট কর। তোমাদের সবার নাম, ঠিকানা, কোথায় চাকরি কর, সব জানি। বিজেপি কাল থাকবে না, তখন বুঝে নিও।' সোনারপুরের সভা থেকে এদিন মোদির জাতির উদ্দেশে ভাষণ প্রসঙ্গেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'শুনছি আজ রাতে আবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওনার ভাষণ শোনার জন্য কেউ বসে নেই। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। ওনার ভাষণ মানে মিথ্যা, জুমলা, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।'
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে আক্রমণ-পাল্টা আক্রমণ, হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারি। একদিকে প্রচার সভা থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায় বললেন, বিজেপি কাল থাকবে না। নিরপেক্ষভাবে কাজ না হলে, মানুষ কিন্তু বদলা নেবে। পাল্টা, যোগী আদিত্য়নাথ বলছেন, তৃণমূলের যে গুন্ডারা আজ ধমকি দিচ্ছে, ৪ মে-র পর তাদের উল্টো গুনতি শুরু হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধাক্কা মেরে বের করে দেওয়া হবে, সিতাইয়ের সভা থেকে এমনই হুঙ্কার দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে বাংলাদেশি মুসলিমদের ধাক্কা মেরে বের করার হুঙ্কার ছাড়লেন হিমন্ত বিশ্বশর্মা। পাল্টা বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীকে 'বহিরাগত' বাণে বিদ্ধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
