কলকাতা : আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার আগে আজ ২৬ এপ্রিল এবং আগামীকাল ২৭ এপ্রিল শহর কলকাতা ও রাজ্যের অন্যত্র সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ ২৬ এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগের শেষ রবিবার। সেই জন্য আজ সুপার সানডে- র হাইভোল্টেজ প্রচার রয়েছে রাজ্যে। আর যেহেতু প্রধানমন্ত্রী থাকছেন প্রচারে, স্বভাবতই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে সব জায়গা। নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসছে যানবাহন নিয়ন্ত্রণও। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এই বিষয়ে বিশেষ বার্তা দিয়েছেন। জারি করা হয়েছে নোটিস।
কলকাতার সিপি অজয় নন্দ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সভার জন্য নিরাপত্তার খাতিরে সমস্ত ধরনের মালবাহী যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। তবে ছাড় থাকছে যেসব গাড়ি এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোলিয়াম, তেল, লুব্রিকেন্ট, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ নিয়ে যায় - সেইসবের ক্ষেত্রে। ২৬ এপ্রিল (২৬/০৪/২০২৬) দুপুর ৩টে থেকে রাত ৯টা এবং ২৭ এপ্রিল (২৭/০৪/২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যাবতীয় (যেগুলোয় ছাড় আছে, সেগুলো বাদ দিয়ে) মালবাহী গাড়ি। এছাড়াও ভোটের আবহে বাকি যেসব অন্যান্য নিয়ম-নীতি লাগু হয়েছে, সেগুলিও বজায় থাকবে এই ২ দিন।
আর কী কী নিয়ম জারি করা হয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে
- ২৬ এবং ২৭ এপ্রিল উল্লিখিত সময়ের মধ্যে যেসব জায়গায় প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্টদের সভা, রোড শো রয়েছে, সেখানে যেকোনও ধরনের গাড়ির পার্কিং এবং চলাচল - দুটোই নিয়ন্ত্রণ করা হবে নিরাপত্তার স্বার্থে।
- ২৬ এপ্রিল দুপুর ৩টে থেকে ২৭ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত লোক ভবনের আশপাশে যাবতীয় ভারী মালবাহী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। উল্লিখিত এলাকায় ভারী মালবাহী যানবাহনের চলাচল ওই নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে।
- দায়িত্বে থাকা ট্র্যাফিক পুলিশরা প্রয়োজন অনুসারে যেকোনও রাস্তার গাড়ির গতিবিধি অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন। বিশিষ্টজনদের অনুষ্ঠান অনুসারে প্রয়োজন হলে এই জাতীয় ব্যবস্থা নিতে হতে পারে।
- ২৬ এপ্রিল বিকেল ৫টা থেকে ২৭ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে গভর্নর প্লেস ইস্ট এবং এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদি বাগ সাউথ ক্রসিং- এর রাস্তা।
২৬ এপ্রিল রবিবার দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত হবে শ্যামবাজার ৫ মাথার মোড়, দ্বিতীয় হুগলি সেতু, এসপ্ল্যানেড ক্রসিং, ৭ পয়েন্ট ক্রসিং, পার্ক স্ট্রিট, মল্লিক বাজার ক্রসিং - সহ উত্তর ও মধ্য কলকাতার একাধিক জায়গায়।
২৭ এপ্রিল সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত হবে স্ট্র্যান্ড রোড, মা ফ্লাইওভার, ই এম বাইপাস, উল্টোডাঙা ফ্লাইওভার, এসপ্ল্যানেড ক্রসিং, টালা ব্রিজ, বি টি রোড, শ্যামবাজার ৫ মাথার মোড়, সিঁথির মোড়- সহ উত্তর ও মধ্য কলকাতার একটা বড় অংশে।
