নয়াদিল্লি: চলতি আইপিএলের (IPL 2026) শুরুটা ভাল করলেও ফের একবার লিগ তালিকার তলানিতে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। বিগত ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে পল্টনরা। পয়েন্টের জন্য মরিয়া মুম্বই দলে যে রোহিত শর্মার (Rohit Sharma) উপস্থিতি দলের বড় ভরসার কারণ হবে, তা বলাই বাহুল্য। সেইমতোই দলের শক্তি বাড়িয়ে ফের একবার মাঠে নামতে চলেছেন রোহিত।

Continues below advertisement

আরসিবির বিরুদ্ধে ম্য়াচে চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন রোহিত শর্মা। তারপরে তাঁকে বেশ কিছু ম্যাচের আগে অনুশীলনে দেখা গেলেও, ম্যাচ খেলতে দেখা যায়নি। রোহিতের মতো তারকার অনুপস্থিতিও হাড়ে হাড়ে টের পেয়েছে পল্টনরা। এমন অবস্থায় তাঁর দলে ফেরাটা মানসিকভাবেও পল্টনদের জন্য বিরাট ইতিবাচক হবে। খবর অনুযায়ী রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচেই মাঠে নামতে পারেন।

SportsTak-র রিপোর্ট অনুযায়ী রোহিত কোনও সমস্যা ছাড়াই জিমে ঘাম ঝরাচ্ছেন। নিজের রিহ্যাবের সময়কালে এখনও পর্যন্ত রোহিত কোনও যন্ত্রণা বা অসুবিধা হওয়ার কথা জানাননি। দলের ফিজিওরা মনে করছেন 'হিটম্যান'-কে বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই খেলতে দেখা যেতে পারে। আর মাঠে ফিরেই রোহিত আবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব পেতে চলেছেন?

Continues below advertisement

হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স তথৈবচ। দল খেতাব জেতা তো দূর এই কয়েক বছরে সিংহভাগ সময়ই লিগ তালিকার নীচের দিকে সময় কাটিয়েছে। বিভিন্ন মহল থেকে হার্দিকের অধিনায়কত্বের সমালোচনা করা হচ্ছে, উঠছে নেতা বদলের ডাকও। অনেকেই দাবি করছেন এবং বিভিন্ন জায়গায় কানাঘুষো শোনা যাচ্ছে যে হাল ফেরাতে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট পুনরায় রোহিতকে অধিনায়ক পদে বহাল করার ভাবনাচিন্তা করছে। তবে ওই সূত্র স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রোহিতের কামব্যাকের সময় এগিয়ে আসলেও, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব বদলের বিষয়টা সম্পূর্ণই ভিত্তিহীন।

রোহিত চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের মতোই কেকেআরের বিরুদ্ধে দুরন্ত এক ইনিংস খেলে দারুণভাবে শুরুটা করেছিলেন। পরবর্তীতে তেমন রান পেলেও, চার ম্যাচে ১৩৭ রান ও ১৬৫.০৬ স্ট্রাইক রেট খুব একটা মন্দ নয়। মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকরা তো চাইবেনই রোহিত যেন আবার রান করা শুরু করেন। তিনি সানরাইজার্সের বিরুদ্ধে ফিরলে সেটা করতে সক্ষম হন কি না এবং পল্টনরা জয়ের সরণিতে ফেরে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।