রঞ্জিত হালদার, ভাঙড় : ভোটের আগে ভাঙড়ে ফের অস্ত্র উদ্ধার। বৃহস্পতিবার মাঝরাতে, ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালি এলাকায়, এক ISF কর্মীর বাড়ি থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে উত্তর কাশিপুর থানার পুলিশ। আটক করা হয়েছে হাবিবুর রহমান মোল্লা নামে ওই ISF কর্মীকেও। এ নিয়ে ISF-এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী সওকত মোল্লা। যদিও ISF-এর পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সকালে বোমা, রাতে বন্দুক ! ভোট আসতেই ভাঙড়ে ফের উত্তেজনা। ভাঙড়ের ভোগালি এলাকায় বৃহস্পতিবার রাতে এক ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয় তিনটি দেশি আগ্নেয়াস্ত্র। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, ভাঙড়ের হাতিশালা-দক্ষিণপাড়ার একটি বাঁশবাগান থেকে উদ্ধার হয়েছে এক ব্যাগ তাজা বোমা। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হতে আর বেশিদিন বাকি নেই। ভোটের দিন যত এগোচ্ছে, ততই বোমা আর বন্দুক উদ্ধারের মাত্রাও বাড়ছে বিভিন্ন জায়গায়। সেই তালিকায় রয়েছে ভাঙড়ও। চলতি সপ্তাহের বৃহস্পতিবার মাঝরাতে, ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালি এলাকায়, হাবিবুর রহমান মোল্লা নামে এক ISF কর্মীর বাড়িতে থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় হাবিবুর রহমান মোল্লা নামের এই ISF কর্মীকে।
এর আগে বৃহস্পতিবার সকালেই হাতিশালা-দক্ষিণপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে এক ব্যাগ তাজা বোমা উদ্ধার হয়। ভাঙড়ে ভোটের আগে অশান্তি নতুন কোনও বিষয় নয়। পঞ্চায়েত ভোট হোক বা বিধানসভা নির্বাচন, অতীতে বারবার রক্তাক্ত হয়েছে ভাঙড়। প্রাণ গিয়েছে। আবার আরেকটা ভোট আসছে। তার আগে এভাবে বোমা-বন্দুক উদ্ধার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল ভোটগ্রহণ রয়েছে ভাঙড়ে।
কয়েকদিন আগেই কলকাতায় স্ট্র্যান্ড রোডে একটি সুলভ শৌচালয় থেকে অস্ত্র সমেত গ্রেফতার হয়েছে বিহারের এক বাসিন্দা
কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের অভিযানে ভোটের আগে এসেছে সাফল্য। বিহারের নালন্দার মহম্মদ ইউসুফ নামে এক ব্যক্তিকে অস্ত্র সমেত পাকড়াও করে পুলিশ। এসটিএফ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে ৩টি দেশি পিস্তল, ২টি 7MM পিস্তল। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে ৪টি ম্যাগাজিন, ১৮টি 8MM কার্তুজ, ২২টি 7.6MM কার্তুজ।
ভোটের মুখে শহর কলকাতার স্ট্র্যান্ড রোডের মতো এলাকায় শৌচালয় থেকে এভাবে পিস্তল, গুলি-সহ একজন গ্রেফতার হওয়ায় স্বভাবতই নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে ২ দফায়। প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২ আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোট গ্রহণ করা হবে। আর ভোটের গণনা আগামী ৪ মে।
