ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: আজ প্রথম দফায় ১৫২ আসনে ভোট (Assembly Election)। এবারই প্রথমবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে চলেছেন ৪ লক্ষ ৫ হাজার ৭১৮ জন ভোটার (Voter)। আর এদিন ভোটদান প্রক্রিয়া শুরু হতেই, বীরভূমের (Birbhum News) একাধিক বুথে খারাপ হল EVM মেশিন। যার জেরে বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ প্রক্রিয়া। 

Continues below advertisement

সিউড়ির ১৩৫ নম্বর ও ১৫৯ নম্বর বুথে খারাপ হয়ে যায় EVM মেশিন। সেইসঙ্গে বোলপুর বিধানসভার ১৬১ নম্বর বুথেও দীর্ঘক্ষণ EVM মেশিন খারাপ হয়ে যাওয়ায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভোটারদের মধ্যে উত্তেজনা তৈরি হলে, SDPO রিকি আগরওয়ালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী আসে ঘটনাস্থলে।

এদিন মোথাবাড়ির ৫৫ নম্বর বুথে ভোটদান প্রক্রিয়া ঘিরে শুরু হল তুমুল হৈ হট্টগোল। বালুয়াচড়া হাইস্কুলে তুমুল উত্তেজনা ছড়াল। এই বুথের ভোটারদের একাংশের অভিযোগ, সকাল থেকে ফোন ধরছিলেন না সেক্টর অফিসার। খারাপ হয়ে যায় EVM মেশিনও। শেষমেষ সেক্টর অফিসার আসায়, তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। এমনকী সরকারি আধিকারিককে মারধরও করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় বুথের গেট বন্ধ করে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর তরফে। প্রায় দেড় ঘণ্টা পর শেষমেষ শুরু হয় ভোটদানপ্রক্রিয়া। 

Continues below advertisement

আজ ১৫২টি আসনে মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হতে চলেছে। যাদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৩১১ জন ও মহিলা প্রার্থীর সংখ্যা ১৬৭ জন। 

প্রথম দফার ভোটে মোট ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে ৪০ হাজার ৯২৮ জন পুলিশ মোতায়েন করা রয়েছে। নজরদারির জন্য ৯৩ হাজার ৯৩৮টি ওয়েব ক্যামেরায় মু়ড়ে ফেলা হয়েছে মোট ৪৪ হাজার ৩৭৬ টি বুথ।                         

রাজ্যে প্রথম দফায় বিধানসভা ভোট শুরুর দিন ভোটারদের উৎসাহ দিতে এক্স হ্যান্ডলে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে বাংলা ভাষায় প্রধানমন্ত্রী লেখেন, আমি সমস্ত নাগরিককে পূর্ণ উদ্যমে গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করার আহ্বান জানাই। বিশেষভাবে আমার তরুণ বন্ধুদের  এবং পশ্চিমবঙ্গের মহিলাদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করছি।