সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : সালটা ২০২০। 'আমি শিক্ষক হওয়া সত্বেও দলের একটা অংশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে ' এই বলে তৃণমূল দলের সঙ্গে সম্পর্ক ছেদ করেন বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজি। প্রথমে দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, তারপর তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছেদ করেন। তখন শিয়রে একটা বিধানসভা ভোট । শুভেন্দু অধিকারীর সঙ্গে একই দিনে বিজেপিতে যোগ দেন তিনি।
বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজির দলবদল
কিন্তু একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ছাব্বিশের ভোটের আগে, ফের তৃণমূলে ফিরলেন বসিরহাটের দাপুটে নেতা বাবু মাস্টার ওরফে ফিরোজ কামাল গাজি। বিজেপিতে যোগ দেওয়ার পর বসিরহাটে সাংগঠনিক সভা সেরে কলকাতায় ফেরার সময় বাসন্তী হাইওয়ের উপর মিনাখাঁর লাউগাছিতে বাবু মাস্টারের গাড়ি ঘিরে গুলি-বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। তাতে বেশ আহত হন বাবু। তারপর বিজেপির হয়ে মিছিল করতেও দেখা যায় তাঁকে। সে-সময় তাঁর আগে পিছে থাকতেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে পরবর্তীতে বিজেপির বিভিন্ন কর্মসূচিতে বাবুকে অবশ্য তেমন দেখা যায়নি।
' বিজেপির সঙ্গে...' যা বললেন বাবু ...
গতকাল, বসিরহাটের তৃণমূল জেলা দফতরের অফিসে জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিনের হাত ধরে তৃণমূলে ফিরলেন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বাবু মাস্টার। তার আগে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে ইস্তফা দেন। যদিও বেশ কিছুদিন ধরে বিজেপির সঙ্গে তাঁর কোনও যোগাযোগ ছিল না বলে দাবি করেছেন তিনি। অবশেষে ভোটের মাত্র কয়েকদিন আগে জোড়াফুল শিবিরে ফিরলেন বাবু মাস্টার।
আরও দল ত্যাগ ...
অন্যদিকে ভোটের আগে দল ভাঙল তৃণমূলেরও। বিজেপিতে যোগ দিলেন নোয়াপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং অর্জুন সিংয়ের ভগ্নীপতি সুনীল সিং। বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন তিনি। গত বছরের অক্টোবরে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরেও দলবদলের জল্পনা তৈরি হয়। সেবারই বিজেপিতে যোগদানের ইঙ্গিত দেন তিনি। সেইসঙ্গে পদ্ম শিবিরে এলেন হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান রাজু সাহানি।
তবে ভোটের আগে দলবদল নতুন কিছু নয় ! কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন তমলুক জেলা বিজেপির সহ সভাপতি পবিত্র কর। সেদিন বিকেলে তাঁকেই নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পার্থী করল তৃণমূল। এদিন তৃণমূলে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। তাঁকে তুফানগঞ্জ থেকে প্রার্থী করে রাজ্যের শাসকদল।
আরও পড়ুন : রাজ্যেতালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ ! কোন কোন জেলা থেকে সবথেকে বেশি নাম বাদ?
