কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ভোটের ব্যস্ততা থেকে বহু দূরে সিপিএমের একদা দাপুটে নেতা গৌতম দেব, কিন্তু ভোটের সব খবরের দিকে এখনও নজর রাখেন তিনি। দলের জন্য় নতুন দিনের স্বপ্ন দেখাও ছাড়েন না।

Continues below advertisement

একটা সময়ে, তাঁকে ছাড়া ভোট ভাবাই যেত না। তাঁর বকতৃতা মানেই ছিল, প্রতিপক্ষকে ঝাঁঝাল আক্রমণ। তিনি মুখ খোলা মানেই ছিল, তোলপাড় ফেলে দেওয়া অভিযোগ। তবে সবটাই 'ছিল'। কারণ, সবটাই আজ অতীত। 

রাজ্য়ে বিধানসভা ভোট দোরগোড়ায়। সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু, একসময়ের সেই মারকুটে ব্য়াটসম্য়ান, সিপিএমের একদা দাপুটে নেতা গৌতম দেব আজ সেসব থেকে বহু দূরে। তবে পুরনো অভ্য়েস কি এত সহজে যায় ? সর্বক্ষণ নজর রয়েছে ভোটের খবরাখবরের দিকেই। সিপিএমের রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য গৌতম দেব বলেন, "ভোটে এভাবে নির্বাচন কমিশনকে নিয়ে আলোচনা হয়নি। কোনওদিন। আজকে ইলেকশন কমিশন হচ্ছে মূল অ্যাজেন্ডা। আমরা একরকম পজিশন নিচ্ছি, কংগ্রেস একরকম পজিশন নিচ্ছে, তৃণমূল একরকম পজিশন নিচ্ছে, বিজেপি একরকম পজিশন নিচ্ছে।" 

Continues below advertisement

২০১১-তে দমদম কেন্দ্র থেকে শেষবার ভোটে লড়েছিলেন গৌতম দেব। সেই ভোটে ব্রাত্য় বসুর কাছে হেরে যান তিনি। দলও ক্ষমতাচ্য়ুত হয়। সেই থেকে নামতে নামতে সিপিএম এখন শূন্য়। গৌতম দেব বলেন, "সিপিএম-এর কমছে। ফলে বামফ্রন্টেরও কমছে। সিপিএম-এর মধ্যে স্বাভাবিকভাবেই বিগত কয়েকবছর ধরে দীর্ঘ গভীর আলোচনা চলছে। আলোচনা বা পর্যালোচনা। যে কীভাবে এটা হচ্ছে ? আমাদের তো আল্টিমেটলি বিপ্লবের জন্য পার্টি তৈরি হয়েছিল। নট ফর ইলেকশন। ইলেকশন ইজ আ ফর্ম থ্রু হুইচ উই গো। ইলেকশন তো অন্যকিছুর জন্য না। আর অন্যরা, বুজোর্য়া পার্টির ইলেকশন হচ্ছে প্রধান ব্যাপার।"

২০২৬-এর ভোটের আগে তৃণমূল-বিজেপির নেতাদের মুখে শোনা যাচ্ছে নানা ভবিষ্য়দ্বাণী। একসময়ে যাঁর ভবিষ্য়দ্বাণী তোলপাড় ফেলে দিত, সেই গৌতম দেব এবার কী বলছেন ? তিনি বলেন, "পশ্চিমবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জেতে এবারে, আমরা মনে করি পশ্চিমবঙ্গে যদি জয়ী হয়, তাহলে অবশ্যই সেটা বড় খবর হবে না, খবর হবে পশ্চিমবঙ্গে জনগণ হেরে গেছে। পারল না। জনগণ হেরে গেছে। এইটা হবে হেডিং। মানুষের মনের হেডিং, কাগজে হেডিং, টিভিতে হেডিং, সবজায়গায় হেডিং। This time also they have lost." ঘরের দেওয়ালের ফটো ফ্রেম থেকে, রাজ্য় রাজনীতির নানা অধ্য়ায়ের স্মারক তাঁর ঘরজুড়ে। স্মৃতি হাতড়ে ফিরে যান পুরনো দিনে। তবে দলের জন্য় নতুন দিনের স্বপ্ন দেখা ছাড়েন না।