সত্যজিৎ বৈদ্য, কলকাতা : খাস কলকাতায় কংগ্রেসের শ্রমিক নেতার ওপরে হামলার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বেহালায় কংগ্রেসের শ্রমিক নেতার গাড়ি আটকে হামলার অভিযোগে উত্তাল এলাকা। আক্রান্ত নেতার অভিযোগ  তৃণমূলের বিরুদ্ধে।

Continues below advertisement

কী অভিযোগ কংগ্রেসের শ্রমিক নেতার ?    

আক্রান্তের নাম গৌতম সাহা। কংগ্রেসের শ্রমিক নেতার  অভিযোগ, গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর।  তাঁর দাবি, গতকাল গভীর রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেইসময়, রাস্তায় বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরোধী দলের পোস্টার ছিঁড়তে দেখেন। অভিযোগ, এই দৃশ্য দেখে ফেলায় তাঁর ওপরে হামলার চেষ্টা করা হয়। এমনকী গাড়ি ঘোরাতে গেলে, এই তৃণমূল কর্মীদেরই আনা একটি মোটরবাইকে ধাক্কাও লাগে তাঁর গাড়ির। কোনওক্রমে বেহালা থানায় পুলিশের দ্বারস্থ হন তিনি। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধেও মোটরবাইকে ধাক্কা মারার অভিযোগ দায়ের করা হয়েছে। 

Continues below advertisement

 বেহালার পর্ণশ্রীতেও পোস্টার অশান্তি     

ভোটের আগে এলাকা ভিত্তিক এমন সব গন্ডগোল লেগেই আছে। দিন চারেক আগেই বেহালার পর্ণশ্রীতে বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে পোস্টার, ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে । মিছিল করে থানায় গিয়ে অভিযোগ জানান বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ। তাঁরা থানায় পৌঁছতেই ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় পুলিশ।  বাইরে বেশ খানিক্ষণ বিক্ষোভের পর থানায় ঢোকেন বিজেপি প্রার্থী।  এরই মধ্যে বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় থানায় পৌঁছন। তাঁকে লক্ষ্য করে চোর স্লোগান দেন বিজেপির কর্মী সমর্থকরা। পাল্টা অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্য়ায়ও। থানার বাইরে দু-পক্ষের স্লোগান যুদ্ধে তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।  

উত্তপ্ত ফালাকাটা         

অন্যদিকে,  ভোটের আগে উত্তপ্ত ফালাকাটাও।  বিজেপি প্রার্থীর প্রচারে সেখানে 'হামলা'র অভিযোগ উঠল। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে সরব হয় বিজেপি। সংঘর্ষের ঘটনায় জখম হন আরও বেশ কয়েকজন বিজেপি কর্মী। রাতেই প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে বিজেপি। 

তৃণমূলের মিছিলে বোমাবাজি

অন্যদিকে,  ভোটের আগে ফের উত্তপ্ত হয় ভাঙড়। সেখানে তৃণমূলের মিছিলে বোমাবাজি অভিযোগ উঠেছে ISF-এর বিরুদ্ধে।  তৃণমূল নেতা খাইরুল ইসলামের নেতৃত্বে সাতুলিয়া এলাকায় মিছিল বেরোয়। মিছিল লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠো ISF-এর বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছায় পোলেরহাট থানার পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে ISF।