কেশিয়াড়ি : "তুমি যা যা স্বেচ্ছাচারী বিল করেছ সব বাতিল করে দেব আমরা।" কেশিয়াড়ির রাবণ দহন মাঠের জনসভা থেকে হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী প্রসঙ্গে একথা বললেন তৃণমূলনেত্রী ? তিনি বলেন, "ইউনিফর্ম সিভিল কোড মানে কী ? একটাই বিজেপি, একটাই নীতি। আমরা পুরোপুরি এর বিরোধিতা করব। এখন সবাই যখন নির্বাচনে ব্যস্ত আছে, তখন তোমাকে এই বিলগুলো আনতে হচ্ছে...মেজোরিটি আজ আছে, তুমি আজ বিল পাস করবে, কাল তুমি ক্ষমতায় থাকবে না আমরা বাতিল করে দেব। তুমি যা যা স্বেচ্ছাচারী বিল করেছ সব বাতিল করে দেব আমরা।"
ইউনিফর্ম সিভিল কোড...
বিধানসভা ভোটের মুখে রাজ্যে এসে সংকল্প পত্র প্রকাশ করে অভিন্ন দেওয়ানি বিধি চালুর হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, "মমতাজি যা পারেন করুন। অভিন্ন দেওয়ানি বিধি চালু হবেই।" পাল্টা সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিতর্ক-চাপানউতোর দীর্ঘদিনের। অতীতে বারবার এর বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে তিনি বলেছেন, "মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে CAA। আর ল্য়াজাটা NRC। আর মধ্য়িখানের পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। আমি জানি অনেকের মধ্য়ে প্রশ্ন আছে, NRC হবে কিনা, CAA হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কো়ড নিয়ে আসছে। আমরা মানব না। গায়ের জোরে মানব না। গায়ের জোরে মানব না। গায়ের জোরে মানব না। "
কী এই ‘ইউনিফর্ম সিভিল কোড’ ?
কী এই ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানি বিধি ? মুসলিম এবং খ্রিস্টান, দুই সম্প্রদায়েরই বর্তমানে, বিবাহ ও বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আইন রয়েছে। ‘ইউনিফর্ম সিভিল কোড’ বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে, হিন্দু-মুসলিম-খ্রিস্টান সব ধর্মের মানুষই চলে আসবে এক আইনের আওতায়। অর্থাৎ এক আইন, শাস্তিও এক। গত বছর ২৭ জানুয়ারি থেকে বিজেপি শাসিত উত্তরাখণ্ডে চালু করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। সম্প্রতি গুজরাত বিধানসভাতেও পাস হয়ে গেছে এই বিধি। এই প্রেক্ষাপটে ভোটে জিতে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও ‘ইউনিফর্ম সিভিল কোড’ চালুর হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, "৬ মাসের মধ্যে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করে সব নাগরিকের জন্য এক আইন সুনিশ্চিত করব। ভারতের সব ধর্মের নাগরিকের জন্য সমান আইন হোক, সেটা তোষণ ? নাকি কোনও নাগরিক চারটে বিয়ে করতে পারবে আর কোনও নাগরিক একটা বিয়ে করতে পারবে, সেটা তোষণ? তোষণের রাজনীতির জন্য এরা এতদিন ঝুলিয়ে রেখেছে। মমতাজি যা পারেন করুন। দেশে যেখানে বিজেপির সরকার আছে, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবেই।"
