কলকাতা :বিধানসভা নির্বাচনের ভোটদান পর্ব শেষ। কোন দল গড়বে সরকার? এর উত্তর শুধু সময়ের অপেক্ষায়। বাংলার মানুষ চাতক পাখির মত চেয়ে আছে ৪ তারিখের নির্বাচনের ফলাফলের দিকে। তবে তার আগে এক্সে একটি ভিডিও প্রকাশ করে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "ওরা হামলা করলেও, আপনারা কিন্তু...!''

Continues below advertisement

বিধাননগর কলেজের স্ট্রংরুম কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। ভিতরে রয়েছে ৩ বিধানসভা কেন্দ্রের EVM। রাজারহাট-নিউটাউন, বিধাননগর ও রাজারহাট গোপালপুর বিধানসভার EVM আছে এই স্ট্রং রুমে। কাটোয়া কলেজের স্ট্রং রুমেও নিরাপত্তা একেবারে আঁটোসাটো। অন্যান্য জায়গায়ও নিরাপত্তা নিয়ে এক চিত্র। কিন্তু এর মাঝেও হামলা নিয়ে বার্তার পাশাপাশি, ভোট গণনার আগে স্ট্রংরুমে কড়া নিরাপত্তা নিয়েও তৃণমূল কর্মীদের দিলেন বিশেষ টিপস।

ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ''সবাই শান্ত থাকুন, সংযত থাকুন, দিদির উপর ভরসা রাখুন। বাংলার মানুষের উপর ভরসা রাখুন। আমাদের মা মাটি মানুষের সরকার গঠন করছি। নিশ্চিন্তে থাকুন, সংযত থাকুন। ওরা হামলা করলেও, আপনারা এক্ষুনি হামলাতে যাবেন না। আমি জানি কালও বেহালাতে অনেক মারধর করেছে রাতের বেলায়, অনেক অত্যাচার করেছে। ভাঙড়ে যে ভাবে আমাদের কর্মীদের মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এর জবাব ওদের দিতেই হবে আগামী দিন। এর জন্য আমরা ব্যবস্থা নেবো। আপনাদের নিজের হাতে আইন তুলে নিতে হবে না। আর আমি প্রশাসনকেও বলব, অনেক খেল দেখিয়েছেন বিজেপির কথায়, দয়া করে আমাদের ছেলেদের গায়ে গণনার দিন হাত দেবেন না।'' আরও পড়ুন - প্রায় ৪ ঘণ্টা পরে, ভবানীপুরের স্ট্রং রুম থেকে বেরলেন মমতা বন্দ্যোপাধ্যায়! কেন এতক্ষণ ভিতরে? ঠিক কী ঘটল?

Continues below advertisement

এক্স পোস্টের ভিডিও বার্তায় তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ''আমি আমাদের কর্মীদের বলব সবাই একজোট থাকুন। যাতে গণনার দিনের জন্য আজ থেকেই পাহারা দেন সকলে। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামব। ২৯৪ কেন্দ্রে প্রার্থীরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, আর পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারবেন। রাত জাগুন, পরের দিন টিমকে হ্যান্ডওভার দিয়ে যান। তাঁর কারণ এভিএম মেশিন যখন স্টোর থেকে কাউন্টিং রুমে নিয়ে যাবে তখন ওঁরা প্ল্যান করেছে মেশিন বদলে দেওয়ার। সুতরাং নজর রাখতে হবে। এই কাজ করার সময় কোনও অবহেলা যাতে না হয়। কাউন্টিংয়ে যোগ্য লোককে বসাবেন। আমি যতক্ষণ না পর্যন্ত সাংবাদিক বৈঠক করে বলছি, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না।''