বিটন চক্রবর্তী, নন্দীগ্রাম: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রাম! একুশের ভোটে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছিল রাজ্যবাসী।গত বিধানসভা নির্বাচনে সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র ছিল নন্দীগ্রাম ( Nandigram )। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নন্দীগ্রাম থেকে বিধায়ক হন শুভেন্দু। তবে নন্দীগ্রামের ভোটের ফল নিয়ে মামলা এখনও হাইকোর্টে বিচারাধীন। এবারও নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। আর এবার সেই কেন্দ্রে তাঁর বিরুদ্ধে লড়ছেন একদা তাঁরই ঘনিষ্ঠ নেতা পবিত্র করকে। তৃণমূলের প্রার্থীঘোষণার দিনই সকালে পদ্ম থেকে ঘাসফুলে আসেন তিনি। তাই এবারও নন্দীগ্রাম আসন হিসেবে যথেষ্টই হেভিওয়েট। যে যার শিবির ভারী করতে চাইছে।
ভোটের আগে দল বদলে রবিবার নন্দীগ্রাম ২ ব্লকের বয়ালের তিন তৃণমূল কর্মী দুপুরে শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari) উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। তাঁদের নাম, শেখ সাইবুল, জানে আলম এবং শেখ শাহজাহান। কিন্তু বেলা গড়াতে না গড়াতেই মন বদলে ফেলেন তিন জনই। পদ্ম পতাকা ফেলে ফের একবার নতুন তৃণমূল নেতা ও নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে। অর্থাৎ একই দিনে দুইবার দলবদল করে ফেলেন তাঁরা।
তৃণমূল নেতৃত্বের দাবি, ওই কর্মীরা নিজেদের ভুল বুঝতে পেরে দ্রুত পুরনো দলে ফিরে এসেছেন। তৃণমূলে যোগদান করেই তাঁরা জানান, তাঁদের ভুল বুঝিয়ে বিজেপিতে যোগ দেওয়ানো হয়। ভোটের আবহে দলবদল চলতেই থাকে। তবে একই দিনের মধ্যে দু-দুবার দল পরিবর্তন বেশ আশ্চর্যের।
এবার নন্দীগ্রামে বিজেপির জেলা সহ-সভাপতিকে ই দলে যোগদান করিয়ে তাঁকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল। পরদিনই তৃণমূল প্রার্থী পবিত্র করের স্ত্রী শিউলি করও যোগ দেন তৃণমূলে। ঘটনাচক্রে তিনি বিজেপির পঞ্চায়েত প্রধান।
ঠিক তার এক দিন আগেই, বিজেপিতে যোগদান করেন উত্তর ব্য়ারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর শ্রাবণী কাশ্যপী ও তাঁর স্বামী। একসময়ে শ্রাবণী কাশ্যপীর স্বামী মৃণ্ময় কাশ্যপী প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের ছায়াসঙ্গী বলে পরিচিত ছিলেন। এর আগে গত বছর নভেম্বরে তৃণমূলে অবহেলিত, অপমানিত বলে দাবি করেছিলেন কাউন্সিলর। তখনই ঘোষণা করেন শিবির বদলের বিষয়ে। এমনকী তাঁদের ইছাপুরের বাড়িতে হাজির হন বিজেপি নেতা অর্জুন সিং। সেই ঘটনার কয়েক মাস পরই স্বামীকে নিয়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কাউন্সিলর।
