কলকাতা : পশ্চিমবঙ্গের ( West Bengal Election 2026 ) মসনদে শেষ পর্যন্ত কারা বসবে? কোন ফুলে আস্থা রাখলেন রাজ্যবাসী? টানা রাজনৈতিক উত্তাপ, তীব্র প্রচার, নাগরিকত্ব থেকে অনুপ্রবেশ— একাধিক ইস্যুকে সামনে রেখে হওয়া ২০২৬ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কাউন্টডাউন শুরু। রাত পোহালেই খুলবে ইভিএম। সকাল ৮টা থেকে রাজ্যের ৭৭টি কাউন্টিং সেন্টারে শুরু হবে ভোট গণনা।

Continues below advertisement

তার আগেই তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। ভোট গণনার আগের রাতে ফেসবুকে তিনি লেখেন, “আমার মেয়ের বিচার যতক্ষণ না পাব এ লড়াই চলছে, এ লড়াই চলবে। শুধু তোমরা আমায় ভুল বুঝনা। তোমরা প্রথম দিন থেকে যে রকম আমার সাথে ছিলে সেরকম শেষ দিন পর্যন্ত সাথে থেকো।” রত্না দেবনাথের প্রার্থী হওয়া নিয়ে শুরু থেকেই আলোচনা - সমালোচনা তুঙ্গে। তাঁর হয়ে প্রচারের জন্য এসেছিলেন খোদ নরেন্দ্র মোদি। 

আর জি কর মেডিক্যাল কলেজে নিহত তরুণী চিকিৎসকের মা কে প্রার্থী করেছে বিজেপি।  আর জি কর মেডিক্যালে মেয়ের ধর্ষণ, খুনের প্রসঙ্গ তুলে, মূলত নারী নিরাপত্তাকে ইস্যু করেই প্রচার চালিয়েছেন অভয়ার মা।  প্রচার পর্ব থেকেই পানিহাটি কেন্দ্র ছিল সরগরম।  তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ।  আর, সিপিএম প্রার্থী করেছে কলতান দাশগুপ্তকে। এখন দেখার মানুষ রত্না দেবনাথের উপর আস্থা রাখেন কি না। পাশে দাঁড়ান কিনা। শেষ কথা বলবে ইভিএম। 

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগণার ফলতা কেন্দ্র বাদে বাকি ২৯৩টি বিধানসভা আসনের গণনা হবে সোমবার। প্রথমে গণনা করা হবে পোস্টাল ব্যালট, তারপর ধাপে ধাপে খোলা হবে ইভিএম। রাউন্ডে রাউন্ডে সামনে আসবে ট্রেন্ড, স্পষ্ট হবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ।

অন্যদিকে ভোট গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। চলছে সিসিটিভি নজরদারি ও ভিডিওগ্রাফি। শুধুমাত্র QR কোড ভিত্তিক অনুমোদিত পরিচয়পত্র থাকলেই মিলবে প্রবেশের অনুমতি।

এখন নজর শুধুই ৪ মে  সকাল থেকে শুরু হওয়া গণনার দিকে। রাউন্ডে রাউন্ডে বদলাবে সমীকরণ, আর দিনের শেষে স্পষ্ট হবে— বাংলার মানুষ এবার কাদের হাতে তুলে দিলেন ক্ষমতার রাশ। আরও পড়ুন : আবার শিরোনামে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ! হঠাৎ বন্ধ সিসিটিভি মনিটর ! চাঞ্চল্যকর অভিযোগ কুণাল ঘোষের