West Bengal News Assembly Election 2026: আরামবাগে প্রচারে বেরিয়ে ভোটারদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপি প্রার্থী হেমন্ত বাগ। SIR-এ নাম বিবেচনাধীন থাকায় ভোটারের ক্ষোভের মুখে পড়লেন আরামবাগের বিজেপি প্রার্থী। বুধবার আরামবাগের কেশবপুরে প্রচারে যান হেমন্ত বাগ। সেখানেই SIR নিয়ে উষ্মা প্রকাশ করেন এক স্থানীয় বাসিন্দা। যদিও বিজেপি প্রার্থীর কাছে পৌঁছনোর আগেই পুলিশ তাঁকে আটকে দেয়।
আরামবাগের বাসিন্দা শেখ হাসিবুল বিজেপি প্রার্থীকে ভোট প্রচারে দেখেই বলেন, 'আমাদের পাড়ায় মুসলমান বলে ১৩০টা বাদ। এসব গুনে গুনে ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে? আর তোমরা ভোট চাইতে এসেছ এখানে।' তিনি আরও বলেন, 'আমি দেশের নাগরিক, আমি জিজ্ঞেস করব না? আমার নাম বাদ। আমি ভোটটা কী করে দেব? ভোটটা যে চাইতে এসেছে আমার গ্রামে, আমি ভোটটা কী করে দেব বলো? আমি প্রার্থীকে জিজ্ঞেস করব ওটাই। আমাদের মির্জাপাড়ায় ৭০০ ভোটার। ১৩০টা বাদ। কী হিসাবে?'
যদিও আরামবাগের বিজেপি প্রার্থী হেমন্ত বাগ বলেন, 'কেউ বিক্ষোভ দেখায়নি। আর আমার সামনেও কেউ বিক্ষোভ দেখায়নি। ভারতীয় জনতা পার্টি SIR-এর কাজ করছে না। নির্বাচন কমিশন SIR-এর কাজ করছে। যারা বৈধ ভোটার তারা ভারতবর্ষে থাকবে, পশ্চিমবঙ্গে থাকবে।'
আরামবাগে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল প্রার্থী মিতা বাগও
মঙ্গলবার আরামবাগের বামসা গ্রামে প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী মিতা বাগ। সেখানেই এক ভোটারের প্রশ্নের মুখে পড়েন তিনি। করুনা বাগ নামের এক বাসিন্দা বলেন, 'আমরা ছেলে চাকরির জন্য ভিখারির মতো ঘুরে বেড়িয়েছে। ভিখারির মতো.. একটু চাকরি আমার ছেলেকে দেয়নি। আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে কাজ করবে বলে। ৩ লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। একটু চাকরি বিজেপিও দেয়নি আর তৃণমূলও দেয়নি। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেব। আমার ছেলে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। মাস্টার ডিগ্রি করেছে, একমুঠো ভাতের জন্য ছেলের বিয়ে দিতে পারিনি।'
ভোটার তালিকা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান... সব ক্ষেত্রেই নানা অভিযোগ, নানা সমস্যা। সেসবের সমাধান কবে হবে? আদৌ হবে তো? ভোটের কাউন্ডডাউনের মধ্যেই বারবার ঘুরেফিরে আসছে এইসব প্রশ্ন।
