West Bengal Assembly Election 2026: আসন্ন বিধানসভা নির্বাচনে হুগলির গোঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন নির্মল মাজি। ভোট প্রচারে বেরিয়ে ভোটারের বাড়িতে গিয়ে রান্না করতে দেখা গেল তাঁকে। বড় কড়াইতে খুন্তি নাড়ালেন তৃণমূল প্রার্থী নির্মল মাজি। ভোটারের বাড়িতে ঘরের লোকের মতো নিজেই চেয়ে খাবার খেলেন তৃণমূল প্রার্থী। ভোট চাইলেন, কথাও বললেন সকলের সঙ্গে। ভোটারের বাড়িতে গিয়ে চেয়ার টেনে বসেন নিজেই। যে মহিলা রান্না করছিলেন, তাঁকে 'মা দুর্গা, মা অন্নপূর্ণা' বলেও সম্বোধন করেন নির্মল মাজি। 'একটু ভাত দাও, ছোট প্লেটে, ২ চামচ', ভোটারের বাড়িতে নিজেই চেয়ে-চিন্তে খেলেন তিনি। বললেন, 'চারদিন পর মাছ খাচ্ছি।'            

Continues below advertisement

সোমবার শিবের উপোস করেন নির্মল মাজি। সারাদিন উপবাস থাকে তাঁর। মঙ্গলবার মা কালীর উপোস করেন। বুধবার মাছের ঝোল ভাত খান। নিজেই জানালেন সেকথা। নির্মল মাজি বলেছেন, তিনবার বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। অফিসের ছোট ঘরে মাকে নিয়ে থাকেন তিনি। নিজের ঘর নেই তাঁর। অফিসের ২টো ছোট ঘরে থাকেন তিনি ও তাঁর মা। মায়ের সেবা করেন বলেও জানান তিনি। ভোটারের বাড়িতে খেয়ে তৃপ্ত তৃণমূল প্রার্থী। বলেন, তিনদিন পর ভাল করে ভাত খাচ্ছেন। ভোটের প্রচারে সেভাবে খাওয়া-দাওয়া হচ্ছে না, সেকথাও বলেন নির্মল মাজি। যে ভোটারের বাড়ি গিয়েছিলেন, দেখা গিয়েছে সেই মহিলা মাছের কাঁটাও বেছে দিচ্ছেন নির্মল মাজিকে।             

তবে শুধু একজন ভোটারের বাড়ি নয়, আশপাশের অনেক লোকজনের সঙ্গেই আলোচনা করতে দেখা গিয়েছে গোঘাটের তৃণমূল প্রার্থীকে। আগামী দিনে মেডিক্যাল কলেজ করার, বৃদ্ধাশ্রম করার, ১০০০ আসনের একটা বড় অডিটোরিয়াম করার ইচ্ছে রয়েছে ওই এলাকায়, জানিয়েছেন নির্মল মাজি। এর আগে উলুবেড়িয়ার (উত্তর) তিনবারের বিধায়ক ছিলেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করার সময় এলাকার উন্নয়নের কথা বলেছেন তৃণমূল প্রার্থী। যে মহিলা তাঁকে যত্ন করে খাইয়েছেন সেই ভোটারকে 'কল্যাণ হোক' বলে আশীর্বাদও করেন নির্মল মাজি। আশপাশের এলাকার মানুষের খোঁজখবর নেন তিনি।            

Continues below advertisement

এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। ইতিমধ্যেই ২৯১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।