West Bengal News Assembly Election 2026: প্রচারে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সিউড়ির তৃণমূল প্রার্থী ঊজ্জ্বল চট্টোপাধ্য়ায়। তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে কেউ রাস্তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন, তো কেউ পানীয় জলের সমস্য়া নিয়ে সরব হলেন। যদিও তৃণমূল প্রার্থীর সাফাই, এক সঙ্গে তো সব কাজ করা সম্ভব না। এদিকে ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা। 

Continues below advertisement

এবার পশ্চিবঙ্গে বিধানসভা নির্বাচন ২ দফায়। ২৩ এপ্রিল প্রথম দফা। সেদিন ১৫২ আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট ২৯ এপ্রিল। সেদিন ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। আর ৪ মে হবে ভোটগণনা। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। জেলায় জেলায় ভোটের প্রচারও শুরু করেছেন প্রার্থীরা। এর মাঝেই প্রচারে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়লেন সিউড়ির তৃণমূল প্রার্থী। 

চলতি সপ্তাহের মঙ্গলবার ২৯১টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। তালিকা প্রকাশের পর দেখা যায় গতবারের জয়ী ৭৪ জন বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। আর এরপর থেকেই দিকে দিকে কোথাও বিধায়কের গলায় শোনা যাচ্ছে অভিমানের সুর, কোথাও চলছে ক্ষোভ-বিক্ষোভ। 

Continues below advertisement

২০০০ সালের ২ এপ্রিল নোয়াপাড়ায় খুন হন তৎকালীন তৃণমূল কাউন্সিলর বিকাশ বসু। পরের বছর থেকে লাগাতার তাঁর স্ত্রী মঞ্জু বসুকে নোয়াপাড়া থেকেই প্রার্থী করেছে তৃণমূল। কখনও জিতেছেন। কখনও হেরেছেন। ২০২১-এ জিতলেও এবার আর তাঁকে টিকিট দেয়নি দল। তাঁর জায়গায় তৃণমূল প্রার্থী করেছে তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। এরপরই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। এই নোয়াপাড়াতেই আবার ভাঙন ধরেছে তৃণমূলে। উত্তর ব্যারাকপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপি ও তাঁর স্বামী মৃন্ময় কাশ্যপি, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁরাই এবার নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং-এর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন। 

৪ বারের বিধায়ক সৌমেন মহাপাত্রকেও টিকিট দেয়নি তৃণমূল। যিনি একসময় সেচ, জলসম্পদ উন্নয়ন, পরিবেশ দফতরের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন, তাঁর জায়গায় প্রার্থী করা হয়েছে, দীপেন্দ্রনারায়ণ রায়কে। টিকিট না পেয়ে রাজনৈতিক অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি ও নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। এবার তৃণমূল ছাড়লেন তাঁরই অনুগামী হিসেবে পরিচিত, কোচবিহার ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য ও তৃণমূল কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়া। এদিন কংগ্রেসে যোগ দেন তিনি। সব মিলিয়ে, ভোটের আগে ক্ষোভ বিক্ষোভ, দলবদল ঘিরে চড়ছে রাজনীতির পারদ।