মুম্বই: বান্ধবীকে মারধর করার অভিযোগে গ্রেফতার হলেন বলিউড অভিনেতা আরমান কোহলি। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সান্তাক্রুজ থানার এক আধিকারিক। পুলিশ সূত্রে খবর, এ মাসের ৪ তারিখ আরমানের বান্ধবী অভিযোগ করেন, ৩ তারিখ টাকা-পয়সা নিয়ে বচসার সময় তাঁকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন ৪৬ বছর বয়সি এই অভিনেতা। এরপর তিনি চুল টেনে ধরে মেঝেতে মাথা ঠুকে দেন। মাথায় ও কনুইয়ে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ৩৫ বছর বয়সি ওই মডেল। বলিউডের একাধিক ছবি ও বিগ বস-৭ খ্যাত আরমান ও তাঁর বান্ধবী গত তিন বছর ধরে সান্তাক্রুজের একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন। থানায় অভিযোগ দায়ের হওয়ার পরেই পালিয়ে যান এই অভিনেতা। শেষপর্যন্ত তাঁর খোঁজ পায় পুলিশ। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।