কলকাতা: খাঁটি কণ্ঠস্বর, নির্ভেজাল সুর। একবার শুনলে দাগ রয়ে যায় মনে। ছবিতে নায়ক-নায়িকা যেই হোন না কেন, তাঁর গাওয়া একটি গান না হলে চলে না কারও। তাই  দিনে দিনে অগণিত মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন। কিন্তু কেরিয়ারের শিখরে পৌঁছে হঠাৎই ছবিতে গান না গাওয়ার সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিংহ। সোশ্য়াল মিডিয়ায় নিজেই সিদ্ধান্তের কথা জানান সকলকে। আর তাতে কার্যত আবেগের বিস্ফোরণ ঘটেছে। অরিজিতের সিদ্ধান্তে স্তম্ভিত কেউ, কেউ আবার বাকরুদ্ধ। তাঁকে ছাড়া চলবে কী করে, ভেবে কূল পাচ্ছেন না অনুরাগীরা। (Arijit Singh)

এক দিন আগেই, প্রজাতন্ত্র দিবসে সলমন খান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিতে অরিজিতের গাওয়া ‘মাতৃভূমি’ গানটি মুক্তি পায়। আর তার পরই মঙ্গলবার হঠাৎ প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অরিজিৎ। জানান, হাতে যে কাজগুলি নিয়ে রেখেছেন, সেগুলি শেষ হলেই আর নতুন কোনও ছবির কাজ নেবেন না। আর ছবিতে গান গাইবেন না তিনি। তবে নিজের মতো করে সঙ্গীত সাধনা চালিয়ে যাবেন, গান গেয়ে যাবেন। কেন এমন সিদ্ধান্ত, তা বিশদে খোলসা করেননি অরিজিৎ। কিন্তু তাঁর এই সিদ্ধান্তে মন ভেঙেছে কোটি অনুরাগীর। (Arijit Singh Retires from Playback)

অরিজিৎ নিজের সিদ্ধান্তের কথা জানাতেই ভেঙে পড়েন তাঁর অনুরাগীরা। এক জন লেখেন, 'টেস্ট ক্রিকেট থেকে বিরাটের অবসরে যতটা আঘাত পেয়েছিলাম, তেমনই আঘাত পেলাম'। আর একজন লেখেন, 'সত্যিই! তুম হি হো, বিনতে দিল, লাল ইশক...আমাদের প্রজন্মকে এত হিট দিয়েছেন। ওঁকে ভালবাসি, শিল্পী হিসেবে সম্মান করি। দুর্দান্ত গান। কিন্তু আজ কাল সর্বত্র ওঁরই কণ্ঠ। ওঁর ভার্সেট্যালিটি মিস করতে শুরু করি'। অন্য একজন লেখেন, 'আমি চাই এটা ভুয়ো খবর হোক'।

জিয়াগঞ্জের অরিজিতের জন্য বাঙালি অনুরাগীরাও ব্যাকুল হয়ে পড়েছেন। একজন লেখেন, ‘কেন দাদা? কী হল তোমার?’ অন্য আর একজন লেখেন, ‘আমি মেনে নিতে পারছি না। সিদ্ধান্ত বদলাও, ফিরে এসো’। আর এক অনুরাগী লেখেন, ‘আপনার সঙ্গীতে এক রকম বিনয় আছে, যা তাকে আরও শক্তিশালী করে তোলে। আপনি প্রমাণ করে দেখিয়েছেন যে, শোরগোলের চেয়ে গভীরতা বেশি দিন টেকে। চিরন্তন এক কণ্ঠ, চিরন্তণ এক আত্মা’।

কেন এমন সিদ্ধান্ত, তা খোলসা করেননি অরিজিৎ। তবে অনুরাগীদের প্রশ্নের উত্তরে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। একটি পোস্টে লেখেন, ‘এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ শুধু একটি নয়। একাধিক কারণ রয়েছে। আমি অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসে কুলিয়ে উঠতে পরেছি। একটি কারণ হল, খুব তাড়াতাড়ি একঘেয়ে লাগতে শুরু করে আমার। যে কারণে একটি গানের ব্যবস্থাপনাও পাল্টাতে থাকি আমি। সেই মতো স্টেজে পারফর্ম করি। তাই বলা যেতে পারে, একঘেয়েমি এসে যায় তাড়াতাড়ি’। 

আর একটি পোস্টে অরিজিৎ লেখেন, ‘আর একটি কারণ হল, আমি চাই কোনও গায়ক আসুন এবং আমাকে সত্যিকারের অনুপ্রেরণা জোগান’।