কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee) প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'-র শ্যুটিং করার জন্য তালসারি সমুদ্র সৈকতে আউটডোর শ্যুটিং করছিলেন তিনি। সেখানেই ঘটে যায় দুর্ঘটনাটা। শ্যুটিং করার সময়ে জলে পড়ে যান নায়িকা শ্বেতা মিশ্র। তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন রাহুল ও। তবে সঙ্গে সঙ্গে শ্বেতাকে উদ্ধার করা গেলেও, শেষরক্ষা হল না। রক্ষা করা গেল না রাহুলকে। ময়নাতদন্ত রিপোর্ট বলছে, ১ ঘণ্টার ও বেশি সময় ধরে জলে ডুবেছিলেন রাহুল। সেই কারণেই তাঁর শরীরের বিভিন্ন অংশে ঢুকে গিয়েছিল প্রচুর পরিমাণে বালি ও নোনা জল। 

Continues below advertisement

তবে রাহুলের মৃত্যু নিয়ে ঘনীভূত হয়েছে একাধিক রহস্য। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে, শ্যুটিংয়ের সময়ে যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের প্রত্যেকের বয়ানই কার্যত পরস্পর বিরোধী। প্রকাশ্যে কথা বলেননি সেদিনকার দুর্ঘটনায় রাহুলের সবচেয়ে কাছাকাছি থাকা ব্যক্তি, শ্বেতা মিশ্র ও। তবে এই ঘটনার জন্য রাজ্য মহিলা কমিশন থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন লীনা গঙ্গোপাধ্যায়ের। মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদ ছাড়তে চেয়েছেন তিনি। 'ম্যাজিক মোমেন্টসে'র তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হয়েছে। 

এরপরে, আর্টিস্ট ফোরামের তরফ থেকে আরও একটি বিবৃতি জারি করা হয়। আর আজ, সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় একটি পোস্টার। 'জাস্টিস ফর রাহুল' স্লোগান তুলে শনিবার পথে নামার ডাক দেওয়া হয়েছে। এরপরে, কোন পথে প্রতিবাদ হবে, তা স্থির করতে আজ বৈঠক বসেছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বাড়িতে। প্রসেনজিৎ-কে টলিউডের অভিভাবক বলেই মনে করা হয়। সম্ভবত সেই কারণেই আজ বৈঠক ডাকা হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে। আর খবর, সেখানে এসেছিলেন স্বয়ং প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও!

Continues below advertisement

জানা যাচ্ছে, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অরিন্দম শীল (Arindam Sil), দেব (Dev), নিসপাল সিং রানে (Nishpal Singh Rane)। জানা যাচ্ছে, কিছুক্ষণের জন্য এসেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও। তবে এদিনের বৈঠকে কী কী আলোচনা হয়েছে, এই বিষয়ে এদিন মুখ খোলেননি কেউই। আর্টিস্ট ফোরামের সদস্য হিসেবে রাহুলের মৃত্যুর কারণে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, কী কী প্রতিবাদ করা উচিত, এদিনকার বৈঠকে এ নিয়েই আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, রাহুলের ঘটনার পরে টলিপাড়ার একাধিক অভিনেতা অভিনেত্রী প্রশ্ন তুলেছেন শ্যুটিং চলাকালীন অভিনেতা অভিনেত্রীদের নিরাপত্তা নিয়ে। অনেকেরই অভিযোগ, শ্যুটিংয়ের সময় হামেশাই নাকি লঙ্ঘিত হয় সুরক্ষা। রাহুলের মৃত্যুতে টলিউডের টনক নড়ে কি না.. সেটাই দেখার।