সঞ্জু-তে মহান করে দেখানো হয়েছে মাফিয়া, গ্যাংস্টারদের, তোপ আরএসএসের
Web Desk, ABP Ananda | 12 Jul 2018 03:47 PM (IST)

নয়াদিল্লি: সঞ্জয় দত্তের জীবন কাহিনি নির্ভর 'সঞ্জু' বক্স অফিসে ঝড় তুলে দিলেও আরএসএসের অভিযোগ, এতে অপরাধী, মাফিয়াদের মহিমান্বিত করা হয়েছে। আরএসএসের হিন্দি মুখপত্র পাঞ্চজন্য-য় প্রকাশিত কভার স্টোরি-তে তুমুল আক্রমণ করা হয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ছবিটিকে। 'কিরদার, দাগদার' অর্থাত্ 'দাগি চরিত্র' শিরোনামে বেরনো কভার স্টোরিতে এ ধরনের কাহিনি খারাপ মূল্যবোধ প্রচার করে বলে দাবি করা হয়েছে। একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে পাঞ্চজন্য-র সম্পাদক হিতেশ শঙ্করকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই ধরনের ছবিগুলি শুধু সঞ্জয় দত্তের ভাবমূর্তিকে উজ্জ্বল করেই তোলে না, ওর যাবতীয় মূল্যবোধকেও বড় করে দেখায়, সংবাদ প্রতিষ্ঠান হিসাবে এটা তুলে ধরা আমাদের কর্তব্য বলে মনে হয়েছে। তাই ছবিটা নিয়ে কভার স্টোরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্যাংস্টার, অপরাধী, সমাজবিরোধীদের কী কারণে এত মহান করে তোলার চেষ্টা, জানতে চেয়েছে আরএসএস। তাদের প্রশ্ন, এর পিছনে কি কোনও চাপ রয়েছে? হিরানিকে তাঁর আগের ছবি 'পিকে'-তে হিন্দু মূল্যবোধ, বিশ্বাসকে কটাক্ষ করার অভিযোগেও কাঠগড়ায় তোলা হয়েছে পাঞ্চজন্য-তে। তাদের প্রশ্ন, ডি কোম্পানি, ওয়ানস আপন এ টাইম ইন মুম্বই ও রঈস-এর মতো ছবি বানিয়ে কী বার্তা দিতে চান বলিউড পরিচালকরা। ঘটনাচক্রে ২৯ জুন রিলিজ হওয়া রণবীর কপূর অভিনীত সঞ্জু-র উচ্ছ্বসিত প্রশংসা করে সুন্দর ছবি বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরী। প্রসঙ্গত, সঞ্জয় দত্তের ১৯৯৫-এ জামিন পাওয়া, তাঁর বিরুদ্ধে টাডায় রুজু হওয়া অভিযোগ প্রত্যাহারের পিছনে বড় ভূমিকা ছিল প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের। সঞ্জয়কে জেলে ঢুকিয়ে অহেতুক কষ্ট দেওয়া হচ্ছে বলে মনে করতেন তিনি। ২০১২-র শেষে ঠাকরের মৃত্যুর আগে পর্যন্ত কৃতজ্ঞতা স্বরূপ প্রায়ই তাঁর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে যেতেন সঞ্জয়। যদিও তাঁর প্রয়াণের পর সঞ্জয় সম্পর্কে অবস্থান পাল্টায় শিবসেনার। ১৯৯৩-এ মুম্বই বিস্ফোরণ মামলায় গ্রেফতার হন সঞ্জয়। বেআইনি ভাবে নিজের কাছে একে-৫৬ রাখায় দোষী সাব্যস্ত হন তিনি। ছাড়া পান ২০১৬-য়।