কলকাতা: টাইগার শ্রফকে (Tiger Shroff) হামলার ঘটনায়, একের পর এক চমকপ্রদ তথ্য সামনে আসছে। টাইগার শ্রফের ওপর যে অস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল, সেটা আনা হয়েছিল অমৃতসর থেকে। যে ২জন শার্প শ্যুটার টাইগার শ্রফের ওপর গুলি চালিয়েছিল, তারা আদৌ জানতই না যে কীভাবে আনা হয়েছে ওই বন্দুক। দুই মহিলার ব্যাগে করে অমৃতসর থেকে ট্রেনে করে মুম্বইয়ের দাদর পর্যন্ত এসে পৌঁছেছিল এই দুটি বন্দুক। এবার জানা গেল, হামলার পরে কীভাবে অস্ত্র লুকনো হয়েছিল। গুলি চালানোর পর দুষ্কৃতীরা সুরাটে লুকিয়ে রেখেছিল আগ্নেয়াস্ত্রটি। এখানেই শেষ নয়, ওই একই জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল মোবাইলও। সুরাটে কোথায় রাখা আগ্নেয়াস্ত্র ও মোবাইল স্থানীয়দের সাহায্য নিচ্ছে পুলিশ।

Continues below advertisement

টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনার তদন্তে কী কী জানা যাচ্ছে?

টাইগার শ্রফের ওপর হামলাটি ঠিক কেন ঘটানো হল, তা নিয়ে এখনও তদন্ত চালাচ্ছে পুলিশ। আর একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে এসেছে। আগেই জানা গিয়েছিল, আদৌ টাইগার শ্রফ নন, হামলাকারীদের প্রথম লক্ষ্য ছিলেন, সলমন খান (Salman Khan)। প্রথমে পরিকল্পনা করা হয়েছিল, হামলা চালানো হবে বলিউডের 'ভাইজান'-এর ওপরেই। কিন্তু কড়া নিরাপত্তার কারণে বদলানো হয় সিদ্ধান্ত। এখানেই শেষ নয়, হামলাকারীরা নাকি রেকি করেছিলেন রণবীর কপূরের (Ranbir Kapoor) বাড়িতেও। শেষমেষ হামলা চালানো হয়, টাইগার শ্রফের ওপর। হামলাকাণ্ডে ৩ শ্যুটার ছাড়াও গ্রেফতার করা হয়েছে, আরও ৫ জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন ২ জন মহিলাও। ৫ অভিযুক্তকেই মুম্বই পুলিশের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ। হামলার ঘটনায় কোটা থেকে মুম্বইয়ে আনা হয়েছে ৩ শ্যুটারকে।

Continues below advertisement

নজরে বলিউডের আরও কারা কারা?

টাইগার শ্রফের বাড়িতে গুলি চলার ঘটনায় নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। কে কে এই গ্যাং-এর ব়্যাডারে রয়েছেন, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। আর সেখানেই যেমন উঠে এসেছে সলমন খানের নাম, তেমনই উঠে এসেছে, রণবীর কপূরের নামও। টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় দায়স্বীকার করেছে, লরেন্স বিষ্ণোই গ্যাং। অনিত পণ্ডিত নামে এক ব্যক্তি, একটি ভয়েজ মেসেজ করে জানিয়েছেন, তাঁর সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর যোগ রয়েছে। পরিকল্পনা অনুযায়ীই হামলা চলেছে টাইগার শ্রফের ওপর। সলমন খানের সঙ্গে কাজ করা নিয়ে টাইগারকে সতর্ক করা হয়েছিল আগেই। সেই কথা তিনি না শোনাতেই টাইগারের ওপর হামলা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, আগাম কোনও হুমকি আসেনি বলিউড অভিনেতার কাছে। তবে ইতিমধ্যেই সলমন খান এবং রণবীর কপূরের নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: Tiger Shroff News: টাইগার শ্রফের ওপর হামলাকারীরা রেকি করেছিলেন রণবীর কপূরের বাড়িতেও! বিস্ফোরক তথ্য