বিষয়বস্তু, ভাষা 'কুরুচিকর', দেশের সমাজে গ্রহণযোগ্য নয়, যুক্তি দেখিয়ে পাকিস্তানে নিষিদ্ধ করিনা, সোনমের 'ভিরে ডি ওয়েডিং'
Web Desk, ABP Ananda | 31 May 2018 02:31 PM (IST)
করাচি: পাকিস্তানে নিষেধাজ্ঞা করিনা কপূর ও সোনম কপূরের 'ভিরে ডি ওয়েডিং' ছবিতে। ১ জুন মহিলা কেন্দ্রিক ছবিটি পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা। অনেক সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহ ও সিনেপ্লেক্সে গত সপ্তাহ থেকেই জোর প্রচারও চলছিল। কিন্তু একেবারে শেষ মূহূর্তে পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সরের (সিবিএফসি)জনৈক কর্তা জানান, বোর্ডের সদস্যরা এ ছবির বিষয়বস্তু, ভাষা কুরুচিকর, অশালীন বলে একমত হয়ে তা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। ছবির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে তাতে অশালীন ভাষা ও আপত্তিকর যৌনগন্ধী ডায়লগ থাকায়। তিনি জানান, এ ছবির কনটেন্ট নিয়ে প্রশ্ন তোলা যায় এবং তা দেখার পর ডিস্ট্রিবিউটররাও পাকিস্তানে ছবিটি রিলিজ করার অনুমতি প্রত্যাহার করে নিয়েছেন। এ ছবির বিষয়বস্তু পাকিস্তানের সমাজে গ্রহণযোগ্য নয় বলে জানান। চার বন্ধু এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে কী ভাবে প্রস্তুতি নিচ্ছেন, ছবির বিষয়বস্তু এটাই। করিনা, সোনমের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন স্বরা ভাস্বর ও শিখা তালসানিয়া। ঘটনাচক্রে সিন্ধ ফিল্ম সেন্সর বোর্ড কিছু কাটছাঁট করে ছবিটিকে ছাড়পত্র দিয়েছিল বলে খবরটি নিশ্চিত করেছেন ডিস্ট্রিবিউটররা। কিন্তু শেষ পর্যন্ত সিবিএফসি ছবিটি নিষিদ্ধ করে, পঞ্জাব ফিল্ম সেন্সর বোর্ডও সেই পথে পা বাড়ায়। পাক কর্তাটি এও নিশ্চিত করেন যে, বোর্ড সদস্যদের ছবির সমালোচনার পর ডিস্ট্রিবিউশন ক্লাবও আবেদন তুলে নিয়েছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রক ভির ডি ওয়েডিং-এর ওপর সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞার আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিল, ঈদ উপলক্ষ্যে মুক্তি পাওয়া নতুন পাকিস্তানি ছবির প্রসারে উত্সাহ দিতে ঈদের ছুটির দুদিন আগে থেকে ছুটি শেষের দু সপ্তাহ পরও পাকিস্তানের সর্বত্র নিষিদ্ধ থাকবে যাবতীয় ভারতীয় ছবির সম্প্রচার, প্রদর্শন।