কলকাতা:আইপিএলের (IPL 2026) নতুন মরশুমের সূচি অবশেষে ঘোষণা করা হয়ে গিয়েছে। গোটা মরশুমের সূচি নয়, ভোটের কথা মাথায় রেখে মাত্র প্রথম ২০টি ম্যাচের দিনক্ষণই ঘোষণা করা হয়েছে। মরশুম শুরু হতে আর দিনকয়েক বাকি। ইতিমধ্যেই এক সোশ্যাল মিডিয়া পোস্ট কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সমর্থকদের মধ্যে শোরগোল ফেলে দেয়। সেখানে দেখা যায় অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) নাইট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন। তাহলে নতুন মরশুমে কেকেআরের অধিনায়ক কে হবেন?

Continues below advertisement

ঘটনার সূত্রপাত ১২ মার্চ। এক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে একটি ছবি শেয়ার করা হয়। সেই ছবিতে লেখা ছিল, 'কেকেআরের হয়ে অধিনায়কত্ব করা এবং ম্যাচ জেতানোটা দারুণ গৌরবের ছিল। তবে সামনেই নতুন ঘরোয়া মরশুম আসছে, তাই আমার মতে এটাই এক নতুন অধিনায়ককে তৈরি করার সঠিক সময় এবং সেই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াব।-অজিঙ্ক রাহানে।'

 

Continues below advertisement

ছবির লেখা বেশ ফর্ম্যাল এবং সেই কারণেই অনেকেই এই পোস্টটিকে সত্যি বলে বিশ্বাস করে নেন। তবে এই পোস্টটি ভুয়ো। না রাহানে, না কেকেআরের তরফে এমন কোনও পোস্ট করা হয়েছে। এই নিয়ে আরেকটু তদন্ত করে দেখা যায় লেখাটি রাহানেরই এক পুরনো পোস্ট থেকে নেওয়া। গত বছর মুম্বই রঞ্জি দলের অধিনায়কত্ব ছাড়ার সময় রাহানে এমনটা লিখেছিলেন। সেই লেখাটিকেই খানিকটা ভেঙে, গড়ে এই ভুয়ো পোস্টটি ছড়ানো হচ্ছে।

 

অর্থাৎ রাহানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে কোনওরকম কোনও ঘোষণা করেননি। বরং, Times of India-র রিপোর্ট অনুযায়ী আসন্ন মরশুমেও রাহানেই কেকেআরের দায়িত্বে বহাল থাকবেন। গত মরশুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নেমে কেকেআর পয়েন্ট তালিকায় হতাশাজনকভাবে অনেকটাই নীচে, আট নম্বরে শেষ করে। টুর্নামেন্টের শেষ চারে কোয়ালিফাই করতে পারেনি নাইটরা। নতুন মরশুমে সেই ছবিটা অবশ্যই বদলাতে মরিয়া হবেন রাহানে অ্যান্ড কো। তাঁরা সফল হন কি না, সেটা সময় বলবে।