নয়াদিল্লি:ভারতীয় দলের 'সিনিয়র স্টেটসম্যান' তাঁরা। গত বছর আকস্মিকভাবে আইপিএলের সময়কালেই বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) কয়েকদিনের ব্যবধানে টেস্ট থেকে নিজেদের অবসরের কথা ঘোষণা করেন। এমন হঠাৎ করেই এই সিদ্ধান্ত অনেক সমর্থককেই হতাশ এবং বিস্মিত করে। তবে বছর ঘুরতে না ঘুরতেই রো-কোর টেস্ট অবসর ভেঙে প্রত্যাবর্তনের জোর জল্পনা শোনা যাচ্ছে।

Continues below advertisement

বর্তমানে রোহিত ও বিরাট উভয়েই আইপিএল খেলছেন। একদিকে কোহলি যেখানে দুরন্ত অর্ধশতরানে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবিকে জেতান, সেখানে রোহিত কেকেআরের বিরুদ্ধে ৭৮ রানের ইনিংসে মুম্বই ইন্ডিয়ান্সকে জেতান। তাঁরা যে বর্তমানে কেবল এক ফর্ম্যাট খেলেন এবং প্রায় মাস দু'য়েক প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে ছিলেন, দেখে কে বলবে?  

এরই মাঝে শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলের দুই মহাতারকা নিজেদের সিদ্ধান্ত বদলে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন। আবারও টেস্ট খেলবেন রো-কো জুটি। এমনকী সোশ্যাল মিডিয়ায় তো এক অ্যাকাউন্টের মাধ্যমে এও দাবি করা হচ্ছে যে বিসিসিআই এক বিবৃতির মাধ্যমে দুইজনের টেস্ট প্রত্যাবর্তনের খবরটি নিশ্চিতও করে ফেলেছে। কেউ কেউ আবার বলছেন কোহলি নিজেই নাকি নিজের টেস্ট প্রত্যাবর্তনের কথা জানিয়েছেন এবং নিজের প্রোফাইল থেকেই তা সকলকে  জানিয়ওছেন। 

Continues below advertisement

একবার পরখ করে দেখে নেওয়া যাক সত্যিটা কী? আসলেই কি কোহলিরা টেস্টে ফিরছেন? উত্তর না। কোহলি বা রোহিত কেউই টেস্ট ক্রিকেটে আর ফিরছেন না। সোশ্যাল মিডিয়ায় যে  পোস্টগুলি ঘোরাফেরা করছে, তা সম্পর্ণ ভুল। এই টেস্ট কামব্যাকের বিষয়ে না রোহিত, বিরাট, না বিসিসিআই বা ভারতী টিম ম্যানেজমেন্টের তরফে কিছু জানানো হয়েছে। কিছু নেটিজেনরা কেবল ভুয়ো খবরই ছড়াচ্ছেন। 

 

তবে একথা ঠিক যে অনেক ভারতীয় প্রাক্তনীই বিরাটকে টেস্টে ফেরার পরামর্শ দিচ্ছেন। প্রাক্তন ব্যাটসম্যান অম্বাতি রায়ডু বড় দাবি করে বলেন যে, কোহলিকে অধিনায়ক হিসেবে ভারতীয় টেস্ট দলে ফিরতে হবে । তিনি জানান, 'আমার মনে হয় না ও কেরিয়ারের শেষ পর্যায়ে রয়েছে। ওর মধ্যে এখনও কমপক্ষে ৫-৬ বছরের ক্রিকেট বেঁচে আছে। আমরা এবং সঞ্জয় আলোচনা করছিলাম - ওকে (বিরাট কোহলি) টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ফিরতে হবে। ও লাল বলে ক্রিকেটের সেরা অধিনায়ক ছিল, যা আমি গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে দেখেছি । যেভাবে ও ব্যাটিং করছে, তাতে টেস্ট ক্রিকেটে ওকে না পাওয়াটা ভারতীয় ক্রিকেটের ক্ষতি।' 

তবে বর্তমানে রো-কোর টেস্ট কামব্যাক নিছইক জল্পনা ছাড়া আর কিছুই নয়।