করোনা থেকে সেরে ওঠা ৮০ শতাংশ রোগী হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন, বলছে গবেষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jul 2020 01:24 PM (IST)
দেখা গিয়েছে, সুস্থ হয়ে ওঠা ১০০ জনের মধ্যে ৭৮ জনের মধ্যে হার্ট ড্যামেজের লক্ষণ দেখা গিয়েছে।

কলকাতা: যাঁদের শরীরে আগে থেকেই কোনও জটিল অসুখ রয়েছে করোনায় তাঁদের আশঙ্কা সব থেকে বেশি। এই জীবাণু শরীরে রেসপিরেটরি ইনফেকশন হিসেবে হামলা শুরু করে। তারপর আক্রান্ত হয় নার্ভাস সিস্টেম। পাচনতন্ত্র ও মস্তিষ্কেও হামলা করে করোনা জীবাণু। নতুন একটি গবেষণা বলছে, করোনার দীর্ঘমেয়াদি ফল আরও বিপজ্জনক হতে পারে। করোনা থেকে সেরে ওঠার পরেও রোগীদের সিরিয়াস হার্টের সমস্যা দেখা দিতে পারে, ৮০ শতাংশ মামলায় ড্যামেজ হতে পারে হৃদযন্ত্র। জার্নাল অফ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এপ্রিল থেকে জুনের মধ্যে জার্মানির ফ্রাঙ্কফুর্টেটর ১০০ করোনা রোগীর এমআরআই রেজাল্ট পরীক্ষা করেছে। এঁদের বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে, করোনা আক্রান্ত হয়ে সেরে উঠেছেন এঁরা। দেখা যাচ্ছে, ১০০ জনের মধ্যে ৬৭ জনের মাঝারি লক্ষণ ছিল, ঘরেই আইসোলেশনে ছিলেন। বাকি ২৩ জন ভর্তি হন হাসপাতালে। তাঁদের এমআরআই, রক্ত পরীক্ষা ও হার্ট টিস্যুর বায়প্সি সহ নানাভাবে হৃদযন্ত্রের পরীক্ষা হয়। দেখা গিয়েছে, সুস্থ হয়ে ওঠা ১০০ জনের মধ্যে ৭৮ জনের মধ্যে হার্ট ড্যামেজের লক্ষণ দেখা গিয়েছে। গবেষক ক্লাইভ ডব্লিউ ইয়ান্সির বক্তব্য, এতজনের হৃদযন্ত্রে সমস্যা প্রমাণ করছে, যে করোনা সংক্রমণের দীর্ঘমেয়াদি ফল হিসেবে এমন অনেক কিছু সামনে আসতে পারে, যা আমরা এখনও জানি না, আর যা দুর্বল করতে পারে শরীরের গুরুত্বপূর্ণ অংশকে। যদিও এই গবেষণা রয়েছে একেবারেই প্রাথমিক পর্যায়ে। এই জীবাণুর দীর্ঘমেয়াদি পরিণাম হিসেবে সিংহভাগ তথ্য এখনও হাতে আসেনি। জানা যাচ্ছে না, এই হৃদযন্ত্রের সমস্যা সাময়িক, না স্থায়ী হয়ে গেল। তবে ৪০-৫০ বছরের লোকেদের ওপর প্রভাবে পরিষ্কার, বয়স্ক ও অসুস্থ মানুষের পক্ষে করোনা বিপজ্জনক হতে পারে।