নয়াদিল্লি: হিন্দিবলয়ের তিন রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগঢ়ে বিধানসভা নির্বাচনে দুর্দান্ত ফল করার পর দেশবাসীদের ধন্যবাদ জানাল কংগ্রেস। দলের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘গণতন্ত্রের জয় হয়েছে। ভারতবাসীদের ধন্যবাদ। আপনারা ঘৃণার বদলে ভালবাসা, হিংসার বদলে শান্তি এবং মিথ্যার বদলে সত্য বেছে নিয়েছেন। এই জয় আপনাদের।’ ছত্তীসগঢ়ে রমন সিংহ সরকারের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিপুল জয় পেয়েছে কংগ্রেস। রাজস্থানেও পালাবদল ঘটছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যের ২৫টি আসনেই জয় পেয়েছিল বিজেপি। কিন্তু এবার ক্ষমতা হারালেন বসুন্ধরা রাজে। মধ্যপ্রদেশে এখনও কংগ্রেস-বিজেপি-র হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখানেও বিজেপি-কে জোর ধাক্কা দিয়েছে কংগ্রেস।