নয়াদিল্লি: পাকাপাকি ভাবে কর্মহীন হয়ে পড়তে পারেন সমগ্র মানবজাতি। পরিস্থিতি এমন হতে পারে যেখানে সরকারকে সকলের ভরণপোষণের দায়িত্ব নিতে হতে পারে। এমনই ভবিষ্যদ্বাণী করলেন AI সংস্থা Anthropic-এর Claude গবেষক তাও লিন। (AI Impact on Employment)
কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করলেন লিন। তাঁর দাবি, প্রতিটি ক্ষেত্রেই মানুষকে ছাপিয়ে যেতে পারে AI. এমনকি তাবড় বিশেষজ্ঞেরও কাজ ছিনিয়ে নিতে পারে তারা। তাঁর কথায়, “পৃথিবীর সমস্ত মানুষই কার্যত কর্মহীন হয়ে পড়বেন।” (AI Job Warning)
আমেরিকার অলাভজনক সংস্থা Palisade Research-কে এমনটা জানিয়েছেন লিন। AI-এর বিপজ্জনক ভূমিকা, সাইবার নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার ঝুঁকি, AI-এর নিয়ন্ত্রণযোগ্যতা, কর্মসংস্থানে AI-এর প্রভাব নিয়ে কাজ করে Palisade Research. তাদের লিন বলেন, “একটা সময় আসবে যখন অস্তিত্ব টিকিয়ে রাখতে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের উপর নির্ভর করতে হবে মানবজাতিকে। কর্মসংস্থান বিলুপ্ত হয়ে যাবে।”
শুধু তাই নয়, লিনের দাবি, AI অতি-মানবিকতা সক্ষম করবে শীঘ্র। মাত্র ১৫ মাসের মধ্যেই সেই অবস্থা তৈরি হতে পারে। পৃথিবীর সেরা বিশেষজ্ঞদের ছাপিয়ে যাবে তারা। ছাপিয়ে যাবে মানুষের কর্মক্ষমতাকে।
Anthropic-এর তরফে এই মন্তব্য করা হয়নি। বরং নিজের ভাবনা তুলে ধরেছেন লিন। তবে তিনি জানিয়েছেন, অতি-মানবিক AI-এর আবির্ভাব ঘটলে সঙ্গে সঙ্গেই সকলে চাকরি হারাবেন না। বরং ধাপে ধাপে মানুষের সমান কাজ করার দক্ষতা অর্জন করবে অতি-মানবিক AI. এর ফলে সৃষ্ট হওয়া বেকারত্বের মধ্যে বড় সময়ের ফারাক থাকবে। কারণ প্রযুক্তির সক্ষমতা অর্জন এবং বাস্তবে তার প্রয়োগের মধ্যে ব্যবধান থাকে।
আরও পড়ুন: আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি, বেঁচে থাকার হক আছে পতঙ্গেরও, স্বীকৃতি দিল এই দেশ…
AI-এর বাড়বাড়ন্তে মানবজাতির অস্তিত্ব বিপন্ন হতে পারে বলে এর আগে আশঙ্কা প্রকাশ করেন Anthropic-এর সিইও দারিও আমোডেই। তবে কর্মসংস্থানের উপর AI-এর প্রভাব নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনও আশঙ্কার কথা তুলে ধরেনি তারা। বরং সুচিন্তিত এবং পরিমিত চিত্রই উঠে এসেছে তাদের রিপোর্টে। মার্চ মাসে তাদের একটি গবেষণামূলক রিপোর্টে দাবি করা হয় যে, যেসব পেশায় AI-এর প্রভাব সবচেয়ে বেশি, ২০২২ সালের শেষ দিকে সেই সব ক্ষেত্রে বেকারত্বের হার উল্লেখযোগ্য ভাবেবাড়েনি। তবে এমন কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছে, যেখানে তরুণ কর্মী নিয়োগের হার কমেছে। তাদের দাবি, কম্পিউটার এবং গণিত নির্ভর ৯৪ শতাংশ কাজে AI-কে ব্যবহার করা যেতে পারে। তবে কর্মক্ষেত্রে AI-কে ব্যবহারের হার ৩৩ শতাংশ। যেসব কাজের জন্য মানুষ বেতন পায়, তা করতে AI দক্ষ হয়ে উঠলেও, রাতারাতি পেশাগুলি বিলুপ্ত হবে না। তবে AI-কে যে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, তা মানছেন প্রায় সকলেই।
