গুয়াহাটি: অন্য রাজ্যের মতো ভোটার তালিকায় নিবিড় সংশোধন হয়নি। বরং বিজেপি শাসিত অসমের ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘটানো হয়েছে। আর তাতে নাম বাদ গেল মাত্র ০.৯৭ শতাংশ ভোটারের। মঙ্গলবার অসমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, ১২৬টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে এই মুহূর্তে রাজ্যের মোট ভোটারের সংখ্যা ২ কোটি ৪৯ লক্ষ ৫৮ হাজার ১৩৯। (Assam Final Voter List)

Continues below advertisement

মঙ্গলবার অসমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অসমের চিফ ইলেক্টোরাল অফিসার জানিয়েছেন, খসড়া তালিকা থেকে ২ লক্ষ ৪৩ হাজার ৪৮৫ জনের নামই বাদ গিয়েছে। খসড়া ভোটার তালিকায় ২ কোটি ৫২ লক্ষ ১ হাজার ৬২৪ জনের নাম ছিল। সেই নিরিখে ০.৯৭ শতাংশ নামই বাদ গিয়েছে। (Assam Voter List)

কমিশনের পরিসংখ্যান অনুযায়াী, অসমে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২১৩। মহিলা ভোটারের সংখ্যা ১ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৩। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৪৩ জন।

Continues below advertisement

এর আগে, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল অসমে। তার আগে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাই প্রক্রিয়া চলে। নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাইপ্রক্রিয়া সেরে, আপত্তি, অনুযোগ খতিয়ে দেখেই অসমের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 

যদিও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিধানসভা নির্বাচন মিটে গেলে রাজ্যে ব্যাপক SIR করা হবে।সম্প্রতি তিনি বলেন, “এখানে ব্যাপক NRC হবে, সঠিক পদ্ধতিতে হবে। নির্বাচন কমিশনকে এখনই SIR করতে অনুরোধ করেছিলাম আমি। কিন্তু ওঁরা SR করেছেন কারণ NRC অপ্রকাশিত থেকে গিয়েছে। আমার SIR-কে স্বাগত জানাই।”

অন্য রাজ্যগুলিতে, বিশেষ করে বিরোধী শাসিত রাজ্যগুলিতে নির্বাচনের মুখে SIR করা হলেও, অসমে কেন SIR হচ্ছে না, সেই নিয়ে গোড়া থেকেই প্রশ্ন তুলছিলেন বিরোধীরা। বেআইনি অনুপ্রবেশ নিয়ে বরাবর বিতর্ক অসমে। আজ বলে নয়, গত কয়েক দশক ধরে সেই নিয়ে টানাপোড়েন চলছে। রক্তক্ষয়ী আন্দোলনও দেখেছে অসম। সেই অসমকে কেন SIR থেকে বাদ রাখা হচ্ছে, সেই আক্রমণ শানান বিরোধীরা।  যদিও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, অসমে নাগরিকত্ব নিয়ে পৃথক বিধি রয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সেখানে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়াও শেষ হওয়ার পথে। তাই অসমে SIR-এর নির্দেশ কার্যকর হচ্ছে না।