আজমগড়: বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে সরু গলি দিয়ে যাচ্ছিল দুই শিশু। আচমকাই তাঁদের পাশের একটি বাড়ির অংশ ভেঙে পড়ল। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে প্রাণ হারাল ৫ বছরের এক শিশু। উত্তরপ্রদেশের আজমগড়ের এই মর্মান্তিক ঘটনা ধরা পড়েছে CCTV ক্যামেরায়।

Continues below advertisement

ঘটনাটি ঘটেছে আজমগড়ের অনন্তপুর এলাকায়। সোমবার ওই এলাকায় হঠাৎ ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। প্রবল হাওয়া এবং বৃষ্টির মধ্যেই সরু গলি দিয়ে বাড়ির দিকে ফিরছিল দুই শিশু। তাঁদের হাতে ছিল একটি ছাতা। CCTV ফুটেজে দেখা যায়, গলির দু'পাশে বাড়ি এবং তার মাঝখান দিয়ে বৃষ্টির মধ্যে এগিয়ে যাচ্ছে তারা।

ঠিক সেই সময় আচমকাই পাশের একটি বাড়ি ভেঙে পড়ে। কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংসস্তূপে ঢেকে যায় রাস্তার একটা অংশ।

Continues below advertisement

ধ্বংসস্তূপ সরাতেই সামনে এল মর্মান্তিক ছবি

বাড়ি ভেঙে পড়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। উদ্ধারকারী দলও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে।

কিন্তু ধ্বংসাবশেষ সরিয়ে শিশুটিকে উদ্ধার করার আগেই সব শেষ হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃত শিশুটির নাম আলিনা। পরিবারের তরফে পুলিশকে ঘটনার কথা জানানো হয়।

পুলিশ কী জানিয়েছে?

ঘটনার খবর পেয়ে সিটি কোতয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। শিশুটির দেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পুলিশ পঞ্চনামা-সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর দেহটি পরিবারের হাতে তুলে দেয়। ঘটনার তদন্তও শুরু হয়েছে।

CCTV-তে ধরা পড়ল গোটা ঘটনা

এই দুর্ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক হল, গোটা ঘটনাটি CCTV ক্যামেরায় ধরা পড়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে পাশাপাশি এগিয়ে যাচ্ছে দুই শিশু। তাঁদের মাথার উপরে একটি ছাতা। কয়েক মুহূর্ত পরেই আচমকা একটি বাড়ি ভেঙে পড়ে।

ঝড়-বৃষ্টির সময় পুরনো বা দুর্বল নির্মাণের বাড়ি কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, আজমগড়ের এই ঘটনাটি ফের সেই প্রশ্নই সামনে নিয়ে এসেছে। বিশেষ করে সরু গলিতে বাড়িগুলির কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।                                       

ঘটনার পর অনন্তপুর এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। মাত্র পাঁচ বছরের একটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ স্থানীয় বাসিন্দারাও।