Bengaluru News: বেঙ্গালুরুর একটি বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়াকে করা শিক্ষকের মন্তব্য ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। অভিযোগ, এক মুসলিম ছাত্রের প্রতি উস্কানিমূলক সাম্প্রদায়িক মন্তব্য করেছেন বেঙ্গালুরুর ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। অভিযোগ, ক্লাস চলাকালীনই ওই ছাত্রকে নিশানা করেছিলেন অধ্যাপক। জানা গিয়েছে, গত মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, একজনের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ক্লাসের বাইরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন ওই ছাত্র। আর তাতেই ওই পড়ুয়াকে গোটা ক্লাসের সামনে 'জঙ্গি' বলে সম্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ছাত্র ক্লাসের বাইরে যাওয়ার অনুমতি চাইতেই ভয়ঙ্কর ক্ষেপে যান অধ্যাপক। সকলের সামনে ওই ছাত্রকে 'জঙ্গি' বলে আক্রমণ করেন তিনি। সিএ মুহূর্তের ক্লাসের বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
'তোমার লজ্জা করে না। ভেবেছিলাম আজ একদম শান্ত থাকব। জঙ্গি...' এভাবেই ছাত্রের উপর চেঁচিয়ে ওঠেন ওই অধ্যাপক। এখানেই শেষ নয়। এরপরেও ওই ছাত্রের উদ্দেশ্যে অভিযুক্ত অধ্যাপক বলতে থাকেন, 'এদের মতো লোকেরাই ইরানের যুদ্ধের জন্য দায়ী', 'ডোনাল্ড ট্রাম্প এসে তোমায় নিয়ে যাবে', 'নরকে যাবে তুমি'। অন্য একজন পড়ুয়া এই গোটা ঘটনাটির ভিডিও করেছে। সেটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। স্বভাবতই ছি ছি শুরু হয়েছে সর্বত্র। পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই অধ্যাপককে আপাতত কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে এই ঘটনার। ছাত্রের প্রতি অধ্যাপকের এ হেন 'আপত্তিকর' মন্তব্যের তিনদিন পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতদিন কেন সময় লাগল পদক্ষেপ নিতে, সেই নিয়েও উঠছে প্রশ্ন।
একজন অধ্যাপক তাঁর ছাত্রের বিরুদ্ধে কীভাবে এই ধরনের উস্কানিমূলক, আপত্তিকর শব্দ ব্যবহার করতে পারেন, তাই নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, একজন অধ্যাপকের এ হেন আচরণে তাঁরা হতবাক। কীভাবে কেউ একজনকে শুধু তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ বলে তাঁকে 'জঙ্গি' তকমা দিতে পারেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। অধ্যাপকের আচরণের তীব্র ভাষায় নিন্দা করে তাঁর উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন নেটিজেনরা।
