দীপাবলির আনন্দ মুহূর্তে পরিণত হল শোকে। বাজি ফাটাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল ১০ বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে দিল্লির নরেলা এলাকায়। মৃত শিশুর নাম ঋষি। রবিবার রাতে পরিবারের সঙ্গে বাজি ফাটাচ্ছিল সে। সেই সময়ই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ১০ বছরের শিশুটির বুকে এসে লাগে একটি আতশবাজি। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Continues below advertisement

এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে বাজি ফাটাচ্ছিল ঋষি। অভিযোগ, একটি স্কাইরকেট জ্বালানোর সময় সেটি ঠিকমতো উপরে না উঠে শিশুটির বুকে এসে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে নরেলার সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তবে এই মৃত্যুকে ঘিরে হাসপাতালের বিরুদ্ধে গুরুতর গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবার। ঋষির দাদা মোহিতের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়ার পরও জরুরি ভিত্তিতে চিকিৎসা শুরু করা হয়নি। মোহিতের কথায়, চিকিৎসকরা শুধু বুকে চাপ দিয়েছিলেন, কিন্তু প্রয়োজনীয় তৎপরতা দেখা যায়নি।

Continues below advertisement

পরিবারের আরও অভিযোগ, হাসপাতালে পৌঁছনোর সময়ও ঋষির শ্বাস নিচ্ছিল । বাঁচানোর সুযোগ ছিল বলে দাবি করেছেন দাদা। ঋষির মা অঞ্জলিও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, আতশবাজির আঘাতে ছেলের বুকে গুরুতর চোট লাগে। তখনও সে শ্বাস নিচ্ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর যথাযথ চিকিৎসা পায়নি।

অন্যদিকে, হাসপাতালের তরফে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এবং দুর্ঘটনার প্রকৃত পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। শিশুটির মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

দীপাবলিতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা

শুধু এই দুর্ঘটনাই নয়, দীপাবলির রাতে দিল্লিতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনাও সামনে এসেছে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, দিল্লি ফায়ার সার্ভিসের কাছে মোট ২৫৭টি জরুরি ফোন আসে। এর মধ্যে ২১৪টি ছিল আগুন লাগার ঘটনা সংক্রান্ত। আতশবাজি থেকে আগুন লাগার অভিযোগে ২৪টি ফোন আসে। রাত ৮টা থেকে ১০টার মধ্যে সবচেয়ে বেশি, ৮৫টি জরুরি ফোন পেয়েছিল দমকল বিভাগ। রাত ১০টা থেকে ১২টার মধ্যে আরও ৬১টি ফোন আসে।

শহরের বিভিন্ন জায়গায় আগুন নেভানোর কাজে গিয়ে আহত হয়েছেন পাঁচ জন দমকলকর্মীও।