কলকাতা: বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের আগে থেকেই তৃণমূলের নিশানায় ভারতের নির্বাচন কমিশন। বিজেপির বি-টিম হিসেবে কাজ করে কমিশন, এই অভিযোগ তুলেছে বহুবার। এবার এমন এক ঘটনা প্রকাশ্যে এসেছে, যা নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি থেকে গোটা দেশ। 

Continues below advertisement

কমিশনের জারি করা পুরনো একটি নির্দেশিকা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা শেয়ার করেছে তৃণমূল কংগ্রেস। কমিশনের ওই নির্দেশিকায় দেখা যাচ্ছে গেরুয়া শিবিরের প্রতীকচিহ্ণ-সহ, কেরল বিজেপি-র সিল। যা নিয়ে হুলস্থুল শুরু হয়ে যায়। এই বিষয় নিয়ে নির্বাচন কমিশন জানায়, সেটি ছিল ‘ক্লারিকাল এরর’।

এই ঘটনাকে নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, '' এই নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমান আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? '' তিনি আরও বলেন, '' এরা কখনও কখনও বলে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে ( And, now the cat is out of the Bag). ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাক ডোর থেকে খেলছেন কেন ? সামনাসামনি খেলুন। সবাই তো বুঝতে পারছে। '' 

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অফিসারদের বদলি নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, '' নদীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। এর আগেও প্রায় ৬০-৭০ জন অফিসার ও IS, IPS দের বাংলায় যারা কাজ করে তাদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ''